বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিবিধ

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন

taarek

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় ধাপের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এ কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।

শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তৃতীয় ধাপে শ্রীমঙ্গল উপজেলার নির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোট ৩১০ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। কর্মসূচির বিশেষত্ব হলো, উপকারভোগীরা মোবাইল ওয়ালেট কিংবা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি ভাতার অর্থ গ্রহণ করতে পারবেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই নির্ধারিত হিসাবগুলোতে ভাতার অর্থ পাঠানো হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে ১৫৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। একইসঙ্গে বিশেষ সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদান প্রদান করা হয়। এ ছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উন্নয়ন সহায়তা, শিক্ষার্থীদের এককালীন অনুদান এবং চা-শ্রমিকদের জন্য টেকসই আবাসনের বরাদ্দপত্রও বিতরণ করা হয়।


ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী রেসনা বেগম, নাসিমা বেগম ও লাভলী আক্তার জানান, এই সহায়তা তাদের পরিবারের দৈনন্দিন ব্যয় মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের কার্যক্রম রাজশাহীর পবা উপজেলায় অনুষ্ঠিত হয়। এবার তৃতীয় ধাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো মৌলভীবাজার থেকে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে যান। তাঁর সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে উপকারভোগী ও রাজনৈতিক নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে সমবেত হন।

Advertisements