বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
বিবিধ

সাবেক মন্ত্রী দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর

সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ ও পল্টন এলাকায় সংঘটিত পৃথক দুই হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তার পক্ষে আইনজীবী রাশিদা আক্তার জুঁথি জামিন আবেদন করেন।

শুনানি নিয়ে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেয়। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, আওয়ামী সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্টে শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় নিহত মনিরের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারভুক্ত এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর পল্টনের তোপখানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিয়াজুল তালুকদার। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন গত বছরের ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উভয় মামলায় আসামি হিসেবে নাম রয়েছে সাবেক মন্ত্রী দীপু মনির।

জুলাই আন্দোলননামঞ্জুরমন্ত্রীসাবেক