বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৫ জুন, ২০২৬
নারী

নারী কর্মীদের জন্য নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

asia webp

নারী কর্মীদের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে ‘হার এশিয়াটিক সার্কেল’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি। নারী ক্ষমতায়নের প্রতি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ হিসেবে সোমবার (১৫ জুন) রাজধানীর বনানীর বাতিঘর আর্ট স্পেসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়াটিক থ্রিসিক্সটির বিভিন্ন বিভাগের কর্মী, নেতৃত্বস্থানীয় কর্মকর্তা এবং প্রতিনিধিরা অংশ নেন। প্রাণবন্ত আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও আন্তরিক মতবিনিময়ের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়। একই সঙ্গে প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনাও ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে পরিচিতি ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বলেন, ‘হার এশিয়াটিক সার্কেল’ নারী কর্মীদের জন্য দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং জ্ঞানচর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

একটি বিশেষ অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে প্ল্যাটফর্মটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের নারী কর্মীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে তাদের প্রতিভা ও সৃজনশীলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নারী কর্মীদের সার্বিক বিকাশকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মে দক্ষতা বিনিময়, ক্যারিয়ার উন্নয়ন, সৃজনশীল চর্চা, জীবনযাপন, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া নারী কর্মীদের আইনি অধিকার, আর্থিক সচেতনতা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও রয়েছে। কর্মক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা এবং নারী পেশাজীবীদের নানা চ্যালেঞ্জ নিয়েও এখানে খোলামেলা আলোচনা হবে।

এ বিষয়ে এশিয়াটিক থ্রিসিক্সটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শ্রেয়া সর্বজয়া বলেন, “এটি কেবল একটি যোগাযোগের প্ল্যাটফর্ম নয়। আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলছি, যেখানে নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও গল্প শেয়ার করতে পারবেন। বর্তমান ও সাবেক সহকর্মীরা একে অপরের পাশে থেকে একসঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।”

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছরজুড়ে নিয়মিত অংশগ্রহণ ও যোগাযোগ নিশ্চিত করতে অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। ‘হার এশিয়াটিক সার্কেল’-এর অন্যতম লক্ষ্য হলো অন্তর্ভুক্তিমূলক একটি নেটওয়ার্ক গড়ে তোলা, যা এশিয়াটিক থ্রিসিক্সটির বর্তমান ও সাবেক নারী কর্মীদের মধ্যে সম্পর্ক ও যোগাযোগকে আরও শক্তিশালী করবে।

এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের বলেন, “প্রকৃত ক্ষমতায়ন কখনোই শুধু ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং একটি কমিউনিটির সম্মিলিত অভিজ্ঞতা, জ্ঞান ও প্রজ্ঞার মধ্য দিয়েই তা আরও সমৃদ্ধ হয়। এই বিশ্বাস থেকেই ‘হার এশিয়াটিক সার্কেল’-এর যাত্রা শুরু হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা যে মেধা, দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দিচ্ছেন, এই উদ্যোগ সেই অবদানেরই স্বীকৃতি।”

বছরব্যাপী কর্মশালা, সাংস্কৃতিক আয়োজন, সৃজনশীল প্রদর্শনী এবং নেতৃত্ব বিকাশবিষয়ক বিভিন্ন সেশনের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের জন্য আরও সহযোগিতাপূর্ণ, সমতাভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি।

এশিয়াকর্মীনারীহার এশিয়াটিক সার্কেল