‘আমাকে বাধ্য করা হয়েছে অন্তর্বাস খুলে দেখাতে’- দেবলীনা নন্দী

টালিউডের জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী ও তার পাইলট স্বামী প্রবাহ নন্দীর দাম্পত্য সম্পর্ক এখন ভাঙনের মুখে। আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলার মধ্যেই শ্বশুরবাড়ি থেকে নিজের ব্যক্তিগত জিনিসপত্র ফিরিয়ে আনতে গিয়ে অপমানজনক পরিস্থিতির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন এই শিল্পী। ঘটনাটি ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন দেবলীনা।

কয়েক মাস আগেই দেবলীনার আত্মহত্যার চেষ্টার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। চিকিৎসা শেষে তিনি স্বামীর বাসা ছেড়ে বাবার বাড়িতে ফিরে যান। এরপর থেকেই দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন প্রকাশ্যে আসে। একপর্যায়ে সম্পর্কের অবনতি চরমে পৌঁছালে দুজনই আইনি বিচ্ছেদের পথে হাঁটেন।
সম্প্রতি চন্দননগরে অবস্থিত শ্বশুরবাড়িতে রেখে আসা ব্যক্তিগত জিনিসপত্র ফেরত নিতে সেখানে যান দেবলীনা। সঙ্গে ছিল পুলিশের একটি দল এবং তার বোন। অভিযোগ রয়েছে, কিছু জিনিস ফেরত পেলেও সবকিছু তাকে বুঝিয়ে দেওয়া হয়নি।
দেবলীনার দাবি, বিয়ের সময় স্বামীর পরিবারের পক্ষ থেকে দেওয়া একটি সোনার হার, যেটিকে তিনি স্ত্রীধনের অংশ হিসেবে মনে করছেন, সেটিও ফেরত দেওয়া হয়নি। এছাড়া নিজের অর্থে কেনা কিছু আসবাবপত্রও এখনও শ্বশুরবাড়িতেই আটকে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সবচেয়ে বিতর্ক তৈরি হয়েছে তার ব্যক্তিগত ব্যাগ তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে। দেবলীনার অভিযোগ, ব্যাগে ব্যক্তিগত ব্যবহার্য কিছু কাপড়চোপড় ছাড়া অন্য কিছু না থাকলেও সেটি খুলে দেখানোর জন্য চাপ দেওয়া হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তাকে চরম অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে।
পুরো ঘটনার পর দেবলীনা দাবি করেন, এই পরিস্থিতিতে তিনি অপমান ও হেনস্তার শিকার হয়েছেন। একই সঙ্গে অভিযোগ করেন, ঘটনাস্থলে উপস্থিত পরিবারের একজন সদস্য পুরো পরিস্থিতি দেখে বিদ্রূপাত্মক আচরণ করেন।
তিনি আরও জানান, শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। যদিও এর আগে জিনিসপত্র উদ্ধারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা যথেষ্ট ছিল না বলেও অভিযোগ তুলেছেন তিনি।
উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছিলেন দেবলীনা নন্দী ও প্রবাহ নন্দী। তবে সময়ের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। বর্তমানে আনুষ্ঠানিক বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যেই ব্যক্তিগত জিনিসপত্র ফেরত আনার ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তাদের দাম্পত্য সংকট।



