বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১২ জুন, ২০২৬
নারী

বিশ্বকাপের রাতে ঋতুপর্ণার নতুন যাত্রা, গন্তব্য মিয়ানমার লিগ

IMG_1447

বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। মেক্সিকো সিটির স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলার সময়ই ভিন্ন এক যাত্রায় বেরিয়ে পড়েন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা। গন্তব্য মিয়ানমার।

মিয়ানমার নারী ফুটবল লিগে আয়েইয়াওয়াদি এফসির হয়ে খেলতে দেশ ছাড়েন তিনি। গত বছর মিয়ানমারের বিপক্ষে তাদেরই মাঠে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপে জায়গা করে নেয় বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করে বড় ভূমিকা রাখেন ঋতুপর্ণা।

তার দুর্দান্ত পারফরম্যান্সের পর বিভিন্ন দেশের ক্লাব থেকে প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত মিয়ানমারের ক্লাবেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও বাংলাদেশের কাছে হেরে মিয়ানমার এশিয়া কাপে উঠতে পারেনি, তবে তাদের ঘরোয়া লিগের মান এখনো বাংলাদেশের চেয়ে এগিয়ে।

সাফ চ্যাম্পিয়নশিপ শেষে নারী ফুটবলাররা পেয়েছেন দুই সপ্তাহের বিরতি। প্রধান কোচ পিটার বাটলার বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন। জুনের শেষ সপ্তাহে আবার শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেপ্টেম্বরে এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতি নেবে দল। এর মধ্যে আগস্ট পর্যন্ত মিয়ানমারের ক্লাবের হয়ে খেলবেন ঋতুপর্ণা।

অন্যদিকে, ভুটানের নারী লিগে অংশ নিতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন সাবিনা খাতুন ও মাসুরা পারভীন। সুমাইয়ারও সেখানে খেলার কথা রয়েছে। গত বছরও ভুটান লিগে বাংলাদেশের ১০ জনের বেশি নারী ফুটবলার খেলেছিলেন।

ঋতুপর্ণানারীফুটবল