শুধু জার্সি নয়, বিশ্বকাপ লুক সম্পূর্ণ করবে যে হেয়ারস্টাইলগুলো

সামনে আসছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর—ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপ মানেই উত্তেজনা, আবেগ, সমর্থকদের উন্মাদনা আর প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ। ইতোমধ্যেই রাস্তাঘাট, ক্যাফে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের জার্সি পরার ধুম। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ ফ্রান্স, আবার কেউ স্পেন বা পর্তুগালের জার্সি গায়ে জড়িয়ে নিজের সমর্থনের জানান দিচ্ছেন।
ফুটবলপ্রেমীদের কাছে জার্সি শুধু একটি পোশাক নয়, বরং এটি ভালোবাসা, আবেগ এবং পরিচয়ের প্রতীক। তবে মেয়েদের ক্ষেত্রে শুধু জার্সি পরলেই হয় না; তারা চান একটি সম্পূর্ণ এবং আকর্ষণীয় লুক। কারণ যেকোনো পোশাককে আরও বেশি স্টাইলিশ এবং নজরকাড়া করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সঠিক হেয়ারস্টাইল।
ফুটবল মৌসুমে বন্ধুদের সঙ্গে খেলা দেখা, স্টেডিয়ামে যাওয়া, ফ্যান জোনে অংশ নেওয়া কিংবা সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করা—সব ক্ষেত্রেই জার্সির সঙ্গে মানানসই হেয়ারস্টাইল আপনার লুককে এনে দিতে পারে ভিন্ন মাত্রা। চলুন জেনে নেওয়া যাক, প্রিয় দলের জার্সির সঙ্গে কোন ধরনের হেয়ারস্টাইল সবচেয়ে বেশি মানাবে।
হাই পনিটেইল:
স্পোর্টি এবং এনার্জেটিক লুক দিবে এই হেয়ার স্টাইল। ফুটবল জার্সির সঙ্গে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ হেয়ারস্টাইলগুলোর একটি হলো হাই পনিটেইল। এটি দেখতে যেমন স্টাইলিশ, তেমনি খেলাধুলার আবহের সঙ্গেও দারুণ মানিয়ে যায়।

বিশেষ করে যারা বন্ধুদের সঙ্গে বাইরে খেলা দেখতে যাবেন কিংবা সারাদিন বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকবেন, তাদের জন্য এটি আরামদায়ক একটি স্টাইল। আর্জেন্টিনা, ব্রাজিল বা ফ্রান্সের জার্সির সঙ্গে একটি সুন্দর হাই পনিটেইল আপনাকে দেবে প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী লুক।
ব্রেইডেড পনিটেইল:

সাধারণ পনিটেইলের পরিবর্তে যদি একটু ভিন্ন কিছু চান, তাহলে বেছে নিতে পারেন ব্রেইডেড পনিটেইল। চুলের সামনের অংশ থেকে হালকা বেণী করে পেছনে পনিটেইল করলে লুকটি হয়ে ওঠে আরও আকর্ষণীয়। এই স্টাইল বিশেষ করে তরুণীদের মধ্যে বেশ জনপ্রিয়।
ডাবল ব্রেইড বা দুই বেণী

ফুটবল উৎসবের আমেজে ডাবল ব্রেইড হতে পারে একটি মজার এবং ট্রেন্ডি পছন্দ। এই হেয়ারস্টাইলটি একই সঙ্গে কিউট, স্পোর্টি এবং আরামদায়ক। যারা ক্যাজুয়াল লুক পছন্দ করেন, তাদের জন্য এটি আদর্শ। বিশেষ করে জার্সির সঙ্গে ডেনিম বা কার্গো প্যান্ট পরলে দুই বেণীর স্টাইলটি বেশ মানিয়ে যায়।
মেসি বান:
যারা একটু মিনিমাল এবং স্মার্ট লুক পছন্দ করেন, তারা মেসি বান ট্রাই করতে পারেন। মাথার ওপর বা পেছনে আলগাভাবে চুল বেঁধে তৈরি করা এই স্টাইল বর্তমানে ফ্যাশন দুনিয়ায় বেশ জনপ্রিয়।

জার্সির সঙ্গে মেসি বান আপনাকে দেবে একটি আধুনিক এবং স্টাইলিশ উপস্থিতি। গরম আবহাওয়ায় এটি খুবই আরামদায়ক।
হাফ-আপ হাফ-ডাউন স্টাইল
যারা পুরো চুল বেঁধে রাখতে চান না, আবার পুরো চুল খোলাও রাখতে চান না, তাদের জন্য হাফ-আপ হাফ-ডাউন একটি দারুণ অপশন।
চুলের উপরের অংশ বেঁধে নিচের অংশ খোলা রাখলে মুখ আরও সুন্দরভাবে ফুটে ওঠে। এই স্টাইলটি বিশেষ করে সেলফি এবং গ্রুপ ফটোতে বেশ আকর্ষণীয় দেখায়।
সফট ওয়েভস:
ফুটবল ম্যাচ দেখতে গেলেও অনেকেই গ্ল্যামারাস লুক বজায় রাখতে চান। তাদের জন্য সফট ওয়েভস হতে পারে সেরা পছন্দ।
হালকা কার্ল বা ওয়েভ করা চুলের সঙ্গে জার্সি পরলে স্পোর্টি এবং ফ্যাশনেবল দুই ধরনের অনুভূতিই পাওয়া যায়। সন্ধ্যার ম্যাচ বা বিশেষ কোনো ফুটবল পার্টির জন্য এটি উপযুক্ত।
স্লিক স্ট্রেইট হেয়ার
সিম্পল কিন্তু এলিগ্যান্ট লুক পছন্দ করলে সোজা খোলা চুল রাখতে পারেন। স্লিক স্ট্রেইট হেয়ার জার্সির সঙ্গে একটি পরিপাটি ও আত্মবিশ্বাসী লুক তৈরি করে।
বিশেষ করে কালো সানগ্লাস, হালকা মেকআপ এবং প্রিয় দলের জার্সির সঙ্গে এই স্টাইল আপনাকে করে তুলবে নজরকাড়া।
জার্সির রঙের সঙ্গে হেয়ার অ্যাক্সেসরিজ
বিশ্বকাপের উন্মাদনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চুলে ব্যবহার করতে পারেন প্রিয় দলের রঙের রিবন, স্ক্রাঞ্চি, হেয়ার ক্লিপ বা হেডব্যান্ড।

যেমন—
১। আর্জেন্টিনার জার্সির সঙ্গে আকাশি-সাদা রিবন।
২। ব্রাজিলের জার্সির সঙ্গে হলুদ-সবুজ স্ক্রাঞ্চি।
৩। ফ্রান্সের জার্সির সঙ্গে নীল, সাদা ও লাল হেয়ার অ্যাক্সেসরিজ।
৪। পর্তুগালের জার্সির সঙ্গে লাল-সবুজ হেডব্যান্ড।
৫। এতে আপনার সমর্থনের প্রকাশ যেমন স্পষ্ট হবে, তেমনি লুকেও আসবে বাড়তি আকর্ষণ।
মেকআপ ও হেয়ারস্টাইলের সমন্বয়
জার্সির সঙ্গে অতিরিক্ত ভারী মেকআপ না করে ন্যাচারাল বা ডিউই মেকআপ বেছে নেওয়াই ভালো। হালকা লিপ টিন্ট, মাসকারা এবং ফ্রেশ লুকের সঙ্গে স্পোর্টি হেয়ারস্টাইল সবচেয়ে বেশি মানিয়ে যায়।
অনেকে আবার গালে বা কপালে প্রিয় দলের পতাকার ছোট্ট আর্টও করে থাকেন, যা বিশ্বকাপের আনন্দকে আরও রঙিন করে তোলে।



