বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৬ জুন, ২০২৬
বিবিধ

১৯ দিনে শেষ বিচার, রামিসা হত্যা মামলার রায় রোববার

1780562742msh073HH

রাজধানীর পল্লবীতে আট বছরের এক স্কুলছাত্রীর ধর্ষণের পর হত্যার মামলার রায় আগামীকাল রোববার ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে রায়ের দিন নির্ধারণ করেন।

মাত্র ১৯ দিনের মধ্যে মামলাটির রায় ঘোষণার পর্যায়ে এসেছে।

রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আজিজুর রহমান দুলু জানান, সাক্ষ্য-প্রমাণে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আদালত সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দিতে পারেন।

অন্যদিকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্লাহ বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি বলে তারা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

ঘটনাটি ঘটে গত ১৯ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ফ্ল্যাটে। ওইদিন সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দা ৩২ বছর বয়সী সোহেল রানা শিশুটিকে গলা কেটে হত্যা করে এবং পরে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে বলে পুলিশ জানায়। ঘটনার পর তিনি ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যান। এ সময় তার স্ত্রী স্বপ্না আক্তার বাসায় ছিলেন এবং পরে তাকে আটক করা হয়।

শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা দুইজনকে আসামি করে পল্লবী থানায় হত্যা মামলা করেন। পরে সোহেল রানা নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার হন এবং আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

তদন্ত শেষে পাঁচ দিনের মধ্যে গত ২৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এরপর দ্রুত বিচার শেষে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। ১ জুন অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এরপর একদিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়। আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে মামলাটি এখন রায়ের অপেক্ষায় রয়েছে।

মামলারামিসারায়রোববারহত্যা