বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ফ্যাশন

তীব্র গরমে বেছে নেবেন কোন রঙের পোশাক?

Portrait fashion woman is posing in the city, summer street fashion. Laughing and smiling portrait.

তীব্র গরমের এ সময়ে দুপুরের প্রখর রোদে ঘর থেকে বের হলেই যেন আগুনঝরা তাপের মুখোমুখি হতে হচ্ছে মানুষকে। এই গরমে সঠিক পোশাক নির্বাচন করাও দরকারি। বাইরে বেরোতে সবার আগে মাথায় রাখতে হবে স্বস্তির ব্যাপারটি।

গ্রীষ্মের তীব্র রোদে শুধু স্টাইল নয়, স্বস্তিকেও অগ্রাধিকার দেওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছেন জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের গবেষক বিজ্ঞানী তোশিয়াকি ইচিনোসে।

এই গবেষণার ধারাবাহিকতায় তার গবেষণা দল এমন চারটি রঙের কথা উল্লেখ করেছেন, যেগুলো প্রখর রোদে সবচেয়ে বেশি স্বস্তি ও আরাম দিতে সক্ষম।

পরীক্ষার অংশ হিসেবে গবেষক নয়টি ম্যানিকিনে বিভিন্ন রঙের পোলো শার্ট পরিয়ে দীর্ঘ সময় ধরে সরাসরি রোদে রাখেন। এসব শার্টের মধ্যে ছিল লাল, হালকা ও গাঢ় সবুজ, হলুদ, নীল, কালো এবং সাদা রং।

পাঁচ মিনিট পর তাপমাত্রা পরিমাপ করে পাওয়া যায় কিছু গুরুত্বপূর্ণ ফলাফল। গবেষকদের প্রত্যাশিত ফল হিসেবে দেখা যায়, সাদা রঙের পোশাক সবচেয়ে কম তাপ শোষণ করে, আর কালো রঙ সবচেয়ে বেশি তাপ শোষণ করে।

পরীক্ষায় দেখা যায়, সাদার পরেই তুলনামূলকভাবে হলুদ, ধূসর এবং লাল রঙের পোশাক শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

লাল রঙের ক্ষেত্রে ফলাফলটি গবেষকদের জন্য কিছুটা বিস্ময়কর ছিল। কারণ, সাধারণভাবে লালকে ‘ওয়ার্ম কালার’ বা উষ্ণ রং হিসেবে বিবেচনা করা হয়। তবে পরীক্ষায় এটি প্রত্যাশার চেয়ে কম তাপ শোষণ করেছে বলে দেখা যায়।

অন্যদিকে নীল রং তুলনামূলকভাবে বেশি তাপ শোষণ করে, ফলে দীর্ঘ সময় তীব্র রোদে থাকলে এটি শরীরকে বেশি গরম করে তুলতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বাইরে থাকলে নীল রঙের পোশাক এড়িয়ে চলাই ভালো।

গবেষণাতীব্র গরমপোশাকস্বস্তি