বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২ জুন, ২০২৬
বিনোদন

ওজন নিয়ে কটাক্ষ, তবু বলিউড জয় সোনাক্ষীর

sonakshi-sinha

বলিউডে তারকাসন্তানদের অভিষেক প্রায়ই আলোচনার জন্ম দেয়। কিন্তু পরিবারের পরিচয়ের বাইরে গিয়ে নিজস্ব অবস্থান তৈরি করতে পারেন খুব কম মানুষই। সোনাক্ষী সিনহা তাদেরই একজন, যিনি দীর্ঘদিনের সমালোচনা, ট্রল ও নানা বাধা অতিক্রম করে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন। আজ জন্মদিন তার।

১৯৮৭ সালের ২ জুন ভারতের বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন সোনাক্ষী সিনহা। তার বাবা শত্রুঘ্ন সিনহা হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ, আর মা পুনম সিনহাও একসময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। দুই ভাই লাভ ও কুশকে নিয়ে মুম্বাইয়ের পরিচিত ‘রামায়ণ’ বাড়িতেই কেটেছে তার শৈশব।

তারকাখ্যাত পরিবারের সদস্য হওয়ায় অনেকেই মনে করতেন, চলচ্চিত্রে প্রবেশের পথ তার জন্য সহজ ছিল। তবে অভিনয়ে আসার সিদ্ধান্ত ছিল পুরোপুরি তার নিজের বলে সোনাক্ষী জানিয়েছেন প্রায় সময়েই।

রুপালি পর্দায় আসার আগে ফ্যাশন ডিজাইনের জগতে কাজ করেছেন সোনাক্ষী। কস্টিউম ডিজাইনার হিসেবেও কাজের অভিজ্ঞতা ছিল তার। পরে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। ২০১০ সালে মুক্তি পাওয়া ছবিটি শুধু বাণিজ্যিক সাফল্যই পায়নি, নতুন অভিনেত্রী হিসেবেও তাকে পরিচিতি এনে দেয়। প্রথম ছবির সাফল্যের পর বলিউডে দ্রুত নিজের জায়গা তৈরি করতে শুরু করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও বারবার আলোচনায় এসেছেন সোনাক্ষী। ক্যারিয়ারের শুরুতে ওজন নিয়ে নানা ধরনের কটূক্তির শিকার হতে হয়েছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে কম ব্যঙ্গ-বিদ্রূপ হয়নি।

এছাড়া তারকাসন্তান হওয়ার কারণে প্রায়ই শুনতে হয়েছে তিনি সুবিধা পেয়েছেন বলেই সফল হয়েছেন। এমনকি একটি জনপ্রিয় কুইজ অনুষ্ঠানে সাধারণ জ্ঞানের একটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ার পর দীর্ঘ সময় ধরে ট্রলের মুখেও পড়েন তিনি।

তবে এসব সমালোচনার জবাবে বরাবরই সংযত ছিলেন সোনাক্ষী। তার মতে, একটি ভুল দিয়ে কোনো মানুষের সামগ্রিক যোগ্যতা বিচার করা যায় না।

একসময় বড় পর্দায় তার অভিনীত চরিত্রগুলো নিয়ে একঘেয়েমির অভিযোগ উঠতে শুরু করে। তখন অনেকেই মনে করেছিলেন, তার ক্যারিয়ার হয়তো স্থবির হয়ে পড়ছে।

কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে এসে নতুনভাবে নিজেকে তুলে ধরেন তিনি। ‘দাহাড়’ সিরিজে একজন দৃঢ়চেতা পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়ান। পরে ‘হীরামান্ডি’তেও তার অভিনয় দর্শকদের নজর কাড়ে।

এই কাজগুলো প্রমাণ করে, শুধু বাণিজ্যিক ছবির নায়িকা নয়, বৈচিত্র্যময় চরিত্রেও নিজেকে মানিয়ে নিতে পারেন সোনাক্ষী।

দীর্ঘদিন ধরেই অভিনেতা জহির ইকবালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা ছিল। ২০২৪ সালে সেই সম্পর্ক পরিণতি পায় বিয়ের মাধ্যমে। তাদের আন্তধর্মীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও সোনাক্ষী ও জহির দুজনেই স্পষ্ট করেছেন, তাদের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা। বিয়ের পরও দুজনেই নিজ নিজ পেশাগত দায়িত্ব নিয়ে ব্যস্ত রয়েছেন।

অভিনয়জীবনের উত্থান-পতন, সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল কিংবা ব্যক্তিগত জীবনের বিতর্ক-সবকিছুর মধ্য দিয়ে এগিয়ে চলেছেন সোনাক্ষী। আর সেই কারণেই আজ সোনাক্ষী সিনহা শুধু একজন স্টারকিড নন, বরং নিজস্ব পরিচয়ে প্রতিষ্ঠিত এক অভিনেত্রী।

জন্মদিনবলিউডসোনাক্ষী সিনহা