১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
বিবিধ

দুই পা ছাড়াই এভারেস্ট জয়, ইতিহাস গড়লেন রুশ পর্বতারোহী

ezgif.com-webp-to-jpg-converter

দুই পা হারানোর পর যেখানে অনেকেই জীবন থেমে গেছে বলে মনে করেন, সেখানে অসম্ভবকে বাস্তবে রূপ দিলেন রাশিয়ার সাবেক সেনাসদস্য রুস্তাম নাবিয়েভ। কৃত্রিম পা ছাড়াই শুধু দুই হাতের ওপর ভর করে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন তিনি।

মানব ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তি দুই পা না থাকা অবস্থায় শুধুমাত্র হাতের সাহায্যে এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক রুশ প্যারাট্রুপার রুস্তাম নাবিয়েভ চলতি বছরের নেপালের বসন্তকালীন পর্বতারোহণ মৌসুমে গত বুধবার (২০ মে) এভারেস্ট জয় করেন।

ঐতিহাসিক এই অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এভারেস্টের চূড়ায় তোলা নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে থাকা একটি ফলকে লেখা ছিল,

‘যারা ভেবেছিল পড়ে যাওয়ার পর জীবন শেষ। রুস্তাম নাবিয়েভ, এভারেস্ট ২০২৬।‘

নাবিয়েভ জানান, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৬ মিনিটে তিনি চূড়ায় পৌঁছান। এরপর বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তাঁর অনুসারী ও সমর্থকদের উদ্দেশে এই অর্জন উৎসর্গ করেন।

Advertisements

ছবির ক্যাপশনে তিনি লেখেন,
‘নেপাল সময় অনুযায়ী ২০ মে সকাল ৮টা ১৬ মিনিটে, পর্বতারোহণের ইতিহাসে এবং মানব ইতিহাসে প্রথমবারের মতো আমি, রুস্তাম নাবিয়েভ, শুধু দুই হাতের সাহায্যে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি।‘

তিনি আরও লেখেন,
‘আমি এই অভিযান উৎসর্গ করছি সবাইকে, যারা আমাকে অনুসরণ করেন। আমি শুধু একটি কথাই বলতে চাই— যতক্ষণ জীবন আছে, ততক্ষণ লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত লড়ুন। কারণ এটা সত্যিই মূল্যবান।‘

এভারেস্ট বেসক্যাম্পের ফিল্ড অফিস সমন্বয়ক খিম লাল গৌতম আনাদোলু এজেন্সিকে নাবিয়েভের এই অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
‘হ্যাঁ, তিনি সফলভাবে এভারেস্ট জয় করেছেন। এখন তিনি বেসক্যাম্পে ফিরে আসছেন।‘

২০১৫ সালে একটি সামরিক ব্যারাক ভবন ধসে পড়ার ঘটনায় দুই পা হারান রুস্তাম নাবিয়েভ। তবে সেই দুর্ঘটনায় ভেঙে না পড়ে পুনর্বাসনের পথ হিসেবে বেছে নেন আউটডোর কার্যক্রম ও পর্বতারোহণ।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নাবিয়েভের এই অসাধারণ মানসিক শক্তি ও অধ্যবসায়ের প্রশংসা করেছেন অনেকে।

Advertisements