নারী ক্রিকেটারদের শুভকামনা জানালো ব্রিটিশ হাইকমিশন

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি ২০ বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। ২৪ মে রাতে বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে আজ সন্ধ্যায় ঢাকাস্থ বৃটিশ হাই কমিশন অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য ও কোচিং স্টাফ, বিসিবির পরিচালকরা, বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
অনুষ্ঠানে সারাহ কুক বলেন, ‘ক্রিকেট বাংলাদেশ ও যুক্তরাজ্যে অত্যন্ত জনপ্রিয় খেলা এবং এটি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে।’ বাংলাদেশ নারী দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমরা খুব আনন্দিত বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানাতে পেরে। সর্বোচ্চ পর্যায়ের এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন থাকবে।’তিনি আরও বলেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ড ও স্কটল্যান্ডের গ্রুপের বাইরে থাকায় স্বাগতিক দুই দলের পাশাপাশি বাংলাদেশকেও সমর্থন করতে কোনো জটিলতা নেই। তার এই মন্তব্যের পর উপস্থিত অতিথিরা করতালিতে ফেটে পড়েন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের প্রধান রাশনা ইমাম ব্রিটিশ হাইকমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেটাররা নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বিশ্বমঞ্চে খেলছে। তাদের গল্প দেশের নারীদের জন্য অনুপ্রেরণার।’ সংক্ষিপ্ত বক্তব্য শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্রিটিশ হাইকমিশনারের হাতে বাংলাদেশ দলের জার্সি তুলে দেন। বিসিবির পক্ষ থেকে আরেকটি স্মারক তুলে দেন বিসিবি পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদ। পরে নারী ক্রিকেটারদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন সারাহ কুক ও জাইমা রহমান।
অনুষ্ঠানে নারী ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগতভাবেও কথা বলেন জাইমা রহমান। অধিনায়ক জ্যোতি জানান, ‘আগেও তার সঙ্গে আমার কথা হয়েছে, আজও হয়েছে। তিনি আমাদের সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চেয়েছেন এবং বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন।’ দলের এক ক্রিকেটারের বাড়ি বগুড়ায় জানার পর জাইমা রহমান শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার প্রসঙ্গও তোলেন।
ব্রিটিশ হাইকমিশনের এই আয়োজনকে অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে জ্যোতি বলেন, ‘যে দেশে খেলতে যাব, সেই দেশের দূতাবাস থেকে এমন আয়োজন সত্যিই অনুপ্রেরণার। আমরা বিশ্বকাপে নিজেদের সেরা পারফরম্যান্স করতে চাই।’



