যেদিন থেকে শুরু হবে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখী মানুষের জন্য আগামীকাল ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদযাত্রার সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়- টিকিট শুধু বাংলাদেশ রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনা-বেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলো। একই সঙ্গে রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, নির্ধারিত মাধ্যম ছাড়া টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।

অন্যদিকে, ঈদ শেষে কর্মস্থলে ফেরার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। উল্লেখ্য, প্রতিবছরই ঈদে ট্রেনের টিকিটের জন্য স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তি দেখা দেয়। সেই ভোগান্তি লাঘব এবং টিকিট কালোবাজারি বন্ধে গত কয়েক বছর ধরে পর্যায়ক্রমে অনলাইন নির্ভরতা বাড়াচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এবারও সেই ধারাবাহিকতায় অনলাইনে টিকিট বিক্রির প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রেলওয়ে জানিয়েছে, সার্ভারের ওপর চাপ কমাতে এবারও দুই ভাগে টিকিট বিক্রি করা হবে।পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে কেনা যাবে।



