বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনসোমবার, ১১ মে, ২০২৬
বিনোদন

স্যামসাংয়ের বিরুদ্ধে দুয়া লিপার ১৮৩ কোটি টাকার মামলা

বিশ্বসংগীতের অন্যতম বড় নাম দুয়া লিপা আবারও শিরোনামে। তবে এবার নতুন গান, কনসার্ট বা ফ্যাশন নয়, আইনি লড়াইয়ের কারণে আলোচনায় এসেছেন ব্রিটিশ-আলবেনীয় এই পপ...

dua-lipa-pictures-c92ztk2ic9mw8lcn

বিশ্বসংগীতের অন্যতম বড় নাম দুয়া লিপা আবারও শিরোনামে। তবে এবার নতুন গান, কনসার্ট বা ফ্যাশন নয়, আইনি লড়াইয়ের কারণে আলোচনায় এসেছেন ব্রিটিশ-আলবেনীয় এই পপ তারকা। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানি স্যামসংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা (বাংলাদেশি মুদ্রায় ১৮৩ কোটা ৫৬ লাখ টাকা) করেছেন তিনি।

গায়িকার অভিযোগ, তার অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করে টেলিভিশন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলায় বলা হয়েছে, ২০২৪ সাল থেকে স্যামসং তাদের টিভির কার্ডবোর্ড প্যাকেজিংয়ে দুয়া লিপার ছবি ব্যবহার করে আসছিল। অথচ এই ব্যবহারের বিষয়ে শিল্পীকে আগে থেকে কিছু জানানো হয়নি, এমনকি তার কাছ থেকে কোনো অনুমতিও নেওয়া হয়নি।

মামলার নথিতে দাবি করা হয়েছে, দুয়া লিপার জনপ্রিয়তা ও বৈশ্বিক ব্র্যান্ডমূল্যকে কাজে লাগিয়ে নিজেদের পণ্যের বাজার বাড়ানোর চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। তার আইনজীবীদের ভাষ্য, ‘দুয়া লিপার মুখ ব্যবহার করে একটি ভোক্তা পণ্যের বিশাল প্রচারণা চালানো হয়েছে, অথচ এতে তার কোনো সম্মতি, নিয়ন্ত্রণ বা মতামত ছিল না।’

অভিযোগে আরও বলা হয়েছে, গায়িকার ছবিটি এমনভাবে ব্যবহার করা হয়েছে, যাতে সাধারণ ক্রেতাদের মনে হতে পারে তিনি ওই পণ্যের আনুষ্ঠানিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা অন্তত পণ্যটির প্রতি তার সমর্থন রয়েছে। অথচ বাস্তবে এমন কোনো চুক্তিই হয়নি।

মামলার কাগজপত্রে উল্লেখ করা হয়েছে, ব্যবহৃত ছবিটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত আয়োজন অস্টিন সিটি লিমিট ফেস্টিভ্যালের ব্যাকস্টেজে তোলা হয়েছিল। ছবিটির কপিরাইটও নিজের বলে দাবি করেছেন ডুয়া।
মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি মন্তব্যও যুক্ত করা হয়েছে। সেখানে দেখা যায়, অনেক ব্যবহারকারী সত্যিই ভেবেছিলেন, দুয়া লিপা সম্ভবত ওই টিভির সঙ্গে যুক্ত আছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি আসলে টিভি কিনতে চাইনি। কিন্তু বক্সে দুয়া লিপার ছবি দেখে কিনে ফেলেছি।’
আরেকজনের মন্তব্য, ‘শুধু দুয়া লিপার ছবি আছে বলেই আমি ওই টিভি কিনতে পারি। আমি এতটাই তার ভক্ত।’
আরেকটি পোস্টে লেখা হয়েছিল, ‘কিছু বিক্রি করতে চাইলে শুধু দুয়া লিপার ছবি লাগিয়ে দিন।’
এসব মন্তব্যই এখন মামলার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কারণ, গায়িকার পক্ষ দাবি করছে— এই প্রচারণা সরাসরি ভোক্তাদের কেনার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

মামলায় আরও বলা হয়েছে, দুয়া দীর্ঘদিন ধরে নিজেকে একটি ‘প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড’ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি খুব বেছে বেছে ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হন। ফ্যাশন, কসমেটিকস বা প্রযুক্তি, যেকোনো বিজ্ঞাপনচুক্তির আগে তিনি নিজে যাচাই-বাছাই করেন। ফলে অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করা তার ব্র্যান্ড ইমেজের জন্যও ক্ষতিকর বলে দাবি করা হয়েছে।
গায়িকার আইনজীবীরা অভিযোগ করেছেন, প্রযুক্তিপ্রতিষ্ঠানটি তার পরিচিতি ও জনপ্রিয়তাকে ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়েছে।
তবে এখন পর্যন্ত স্যামসং আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

দুয়া লিপাবিশ্বসংগীতমামলাস্যামসাং