আবারও মঞ্চস্থ হচ্ছে ‘লুৎফার প্রদীপ’

নাট্যদল সমতল-এর প্রথম প্রযোজনা ‘লুৎফার প্রদীপ’ নাটকটি আগামী ২০ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে।
এটি রচনা করেছেন তানভীর মোকাম্মেল, নির্দেশনা দিয়েছেন সগীর মোস্তফা। এতে একক অভিনয় করতে দেখা যাবে চিত্রলেখা গুহকে। নাটকটি এই দলের ষষ্ঠ প্রদর্শনী।
নির্দেশক সগীর মোস্তফা বলেন, ‘ইতিহাস সব সময় বিজয়ীদের কথা বলে। বিজিতদের দীর্ঘশ্বাস আর ত্যাগের গল্প অনেক সময় অজানা-ই থেকে যায়। লুৎফার প্রদীপ নাটকটি কেবল বাংলার শেষ স্বাধীন নবাবের পরাজয়ের ইতিহাস নয়, বরং এটি সিরাজপত্নী লুৎফুন্নেসার একনিষ্ঠ প্রেম, সীমাহীন ধৈর্য এবং আজীবন লালন করা শোকের এক জীবন্ত উপাখ্যান।’
নাটকটির শিল্প নির্দেশনা ও আলোক পরিকল্পনায় রয়েছেন উত্তম গুহ। আবহসংগীত ও শব্দ পরিকল্পনায় সৈয়দ সাবাব আলী আরজু, পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি, রূপসজ্জায় রয়েছেন নাজমুন নাহার লিজা।



