বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১২ জুন, ২০২৬
বিবিধ

ধান খাওয়ায় মে/রে ফেলা হলো বাবুই পাখির ৩০ ছানা

image_850397_1695063177

চট্টগ্রামের বোয়ালখালীতে ধান খাওয়ার অভিযোগে ২৫ থেকে ৩০টি ছোট ছোট বাবুই পাখির ছানা মেরে ফেলার অভিযোগ উঠেছে বাছা মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এছাড়া ২২টি বাবুই পাখির বাসা ভেঙে ফেলেছেন ওই ব্যক্তি। উপজেলার পোপাদিয়া ঈশ্বর ভট্ট বাজার ভুবনেশ্বরী মাতৃ মন্দির এলাকায় এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত বাচা মিয়াকে কারাদণ্ডসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও মেহেদি হাসান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীদের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। গ্রামবাসীর অভিযোগ ছিল, বাচা মিয়া তালগাছ থেকে বাবুই পাখির ২৭টি বাসা ভেঙে অনেকগুলো ছানা ও ডিম ধ্বংস করেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে ২৯টি মৃত ছানা এবং বেশ কিছু ভাঙা ডিম পেয়েছি।”

তিনি আরও জানান, “অভিযুক্ত ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করেছেন। তাঁর দাবি, বাবুই পাখি খেতের ধান খেয়ে ফেলছিল বলেই তিনি এই জঘন্য কাজ করেছেন। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১৩-এর ৩৮ ধারা অনুযায়ী তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”

অভিযানকালে উপস্থিত নেচার কনজারভেশন অ্যালায়েন্সের সভাপতি ছিদ্দিকুর রহমান রাব্বি বলেন, যে তালগাছ থেকে বাসাগুলো ভাঙা হয়েছে, সেটি বাচা মিয়ার বাড়ি থেকে অনেক দূরে ছিল। গ্রামবাসীরা নিষেধ করা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি। অথচ বাবুই পাখি খেতের ক্ষতিকর পোকামাকড় খেয়ে মূলত কৃষকের উপকারই করে।

কারাদণ্ডধানবাবুই পাখি