এবারের বৈশাখ হালকা সাজে স্নিগ্ধতা ছড়াক

বাংলা নববর্ষের প্রথম দিন বলে কথা। তাই সাজে থাকা চাই খাঁটি বাঙালিয়ানা ভাব। কেমন হবে এবার বৈশাখের সাজ জেনে নেওয়া যাক।

বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। সাজপোশাক আর খাবারের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে প্রতিবছর বাঙালি মেতে ওঠে বর্ষবরণ উদ্যাপনে। এবারও এর ব্যতিক্রম হবে না। তবে বাঙালির উৎসবের সঙ্গে সাজটা চলে আসে সবার আগে। পোশাকের সঙ্গে সাজ নিয়ে থাকে নানা জল্পনা-কল্পনা।

বাংলা নববর্ষের প্রথম দিন বলে কথা। তাই সাজে থাকা চাই খাঁটি বাঙালিয়ানা ভাব। তবে যেহেতু আবহাওয়ায় গরমের আধিক্য বেশি, তাই ভারী মেকআপের দিকে না যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। সে ক্ষেত্রে ‘মিনিমাল মেকআপ’ ট্রেন্ডে গা ভাসাতে পারেন। আর হালকা সাজের মাধ্যমে লুকে স্নিগ্ধতা ফুটিয়ে তুলতে পারে সহজেই।

বৈশাখের পোশাকের সঙ্গে মেকআপ হতে পারে একদম ন্যাচারাল স্কিন টোনের। যেহেতু গরম, তাই ভারী মেকআপের দিকে না ঝুঁকে একদম হালকা মেকআপে ট্র্যাডিশনাল লুক আনা যেতে পারে। প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে টোনার দিতে হবে। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। কিছু কিছু ময়েশ্চারাইজার আছে, যেটার সঙ্গে বিবি বা সিসি ক্রিম মেশানো থাকে। চাইলে সেটাও ব্যবহার করা যেতে পারে। এটা ৪-৫ ঘণ্টা পর্যন্ত কার্যকর।

তবে যারা বিবি বা সিসি ক্রিম ব্যবহার করতে চান না, তাঁরা এর বদলে লাইট টোনের লিকুইড ফাউন্ডেশন দিয়ে বেইজ মেকআপ করতে পারেন। লিকুইড ফাউন্ডেশনের সুবিধা হচ্ছে, খুব অল্প পরিমাণে ব্যবহার করলেই মেকআপ বসে যায়। তবে স্কিনটোন বুঝে ফাউন্ডেশন ব্যবহার করা উচিত। এরপর বেইজের ওপর কমপ্যাক্ট পাউডার ব্যবহার করলে সাজে স্নিগ্ধ একটা লুক চলে আসবে। যাঁরা ক্রিমি লুক আনতে চান, তাদের পাউডার ব্যবহার না করলেও হবে। এরপর একটা লাইট ব্লাশন ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে পিচ বা পিংক টোনের ব্লাশন ব্যবহার করাই ভালো বলে জানিয়েছেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন।

বৈশাখের সাজে ঠোটে ন্যুড লিপস্টিক ভালো লাগবে। সে ক্ষেত্রে চোখের সাজটা একটু ভারী হলে ক্ষতি নেই বলে জানান জারা’স বিউটি লাউঞ্জ অ্যান্ড স্যালনের রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি। তিনি আরও বলেন, বাঙালি মেয়েরা বৈশাখে চোখে টেনে কাজল পরতে পছন্দ করেন। শাড়ির সঙ্গে টানা কাজল এবং কুর্তির সঙ্গে মোটা করে দেওয়া কাজল সুন্দর লাগবে। এরপর মাশকারা লাগিয়ে নিন। তবে হালকা সাজে আইল্যাশ না পরাই ভালো।

ররচুলের স্টাইল করতে পারেন নিজের স্বস্তি আর পছন্দ অনুযায়ী। লাগাতে পারেন ফুল। সঙ্গে কপালে মানানসই টিপ হবে সোনায় সোহাগা। মেকআপের পাশাপাশি গয়না সাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তাই পোশাকের সঙ্গে মানানসই হালকা গয়না সাজে আনবে পরিপূর্ণতা। এ ক্ষেত্রে মাটি, অক্সিডাইজড কিংবা সুতার গয়না বেছে নেওয়া যেতে পারে।

হাতে একগুচ্ছ কাচের চুড়ি থাকলেও মন্দ হয় না। পোশাকের ওপর নির্ভর করে সাজটা কেমন হবে। বৈশাখে মেয়েরা বেশি পছন্দ করে শাড়ি। অনেকেই আরামের জন্য বেছে নেন কুর্তি কিংবা সালোয়ার-কামিজ। তবে পোশাক যেটাই হোক, সাজে বাঙালি ঢং যেন বাদ না পড়ে। হালকা সাজে স্নিগ্ধতা ছড়াক এবারের বৈশাখ।



