বাংলা বারো মাসের নাম যেভাবে এলো

বৈশাখের খরতাপ, আষাঢ়ের বৃষ্টি, অগ্রহায়ণের নবান্ন—বাংলা বারো মাস শুধু সময়ের হিসাব নয়; বাঙালির জীবনযাপন, সংস্কৃতি ও ঋতুচক্রের অবিচ্ছেদ্য অংশ। বছরজুড়ে উৎসব, কৃষিকাজ এমনকি দৈনন্দিন কথাবার্তাও ঘুরে ফিরে আসে এই মাসগুলোর নামের মধ্যেই।
কিন্তু বৈশাখ, জ্যৈষ্ঠ, ফাল্গুন বা চৈত্র—এই পরিচিত নামগুলোর উৎস কোথায়? এগুলো কী নিছক বাংলা শব্দ, নাকি এর পেছনে রয়েছে প্রাচীন কোনও জ্যোতির্বৈজ্ঞানিক ও ঐতিহাসিক সূত্র?
প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যায় সময় নির্ধারণের একটি বড় ভিত্তি ছিল নক্ষত্র। আকাশকে ২৭টি নক্ষত্রমণ্ডলে ভাগ করে চাঁদের চলাচল পর্যবেক্ষণের মাধ্যমে সময় গণনা করা হতো।
চাঁদ যখন নির্দিষ্ট কোনও নক্ষত্রের কাছাকাছি অবস্থান করত, সেই সময়কালকে কেন্দ্র করেই মাসের নাম নির্ধারণ করা হতো। অর্থাৎ, বাংলা প্রতিটি মাসের নামের সঙ্গে একটি নির্দিষ্ট নক্ষত্রের সম্পর্ক রয়েছে।
বৈশাখ এসেছে বিশাখা নক্ষত্র থেকে, জ্যৈষ্ঠ এসেছে জ্যেষ্ঠা নক্ষত্র থেকে, আষাঢ় এসেছে আষাঢ়া নক্ষত্র থেকে, শ্রাবণ এসেছে শ্রবণা নক্ষত্র থেকে, ভাদ্র এসেছে ভাদ্রপদ নক্ষত্র থেকে, আশ্বিন এসেছে অশ্বিনী নক্ষত্র থেকে, কার্তিক এসেছে কৃত্তিকা নক্ষত্র থেকে, অগ্রহায়ণ এসেছে অগ্রযণ বা মার্গশীর্ষ নক্ষত্র থেকে, পৌষ এসেছে পুষ্য নক্ষত্র থেকে, মাঘ এসেছে মঘা নক্ষত্র থেকে, ফাল্গুন এসেছে ফাল্গুনী নক্ষত্র থেকে, চৈত্র এসেছে চিত্রা নক্ষত্র থেকে ।
বাংলা মাসগুলোর বিশেষত্ব হলো—এগুলো শুধু আকাশের নক্ষত্রে সীমাবদ্ধ নয়, মানুষের জীবনের সঙ্গেও গভীরভাবে যুক্ত। বৈশাখ মানেই নতুন বছর ও খরার শুরু, আষাঢ় মানেই বর্ষার আগমন, ভাদ্র-আশ্বিনে ধানের বৃদ্ধি, অগ্রহায়ণে নবান্ন, ফাল্গুন-চৈত্রে ঋতু পরিবর্তনের রঙিন আবহ। অর্থাৎ, আকাশের হিসাব একসময় নেমে এসেছে মানুষের জীবন, কৃষি ও উৎসবে। সর্বোপরি, বাংলা বারো মাসের নাম কেবল ক্যালেন্ডারের অংশ নয়; এগুলো হাজার বছরের জ্ঞান, ভাষা ও সংস্কৃতির ধারাবাহিকতার প্রতীক। প্রতিটি নামের ভেতরে রয়েছে জ্যোতির্বিজ্ঞানের ছাপ, সংস্কৃত ভাষার উত্তরাধিকার এবং কৃষিভিত্তিক সমাজের বাস্তবতা।



