বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১০ জুন, ২০২৬
স্বাস্থ্য

নির্মাণ শেষ, চিকিৎসা বন্ধ— অব্যবস্থাপনায় পড়ে আছে শিশু হাসপাতালগুলো

1274eac9-f849-4d7e-a241-c284154a6db5

হামে আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে জায়গা সংকট যখন প্রকট, তখন দেশের বিভিন্ন অঞ্চলে নির্মিত একাধিক শিশু হাসপাতাল বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকার বিষয়টি গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকায় এসব হাসপাতালের অবকাঠামো ও যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাব স্পষ্ট।

রাজশাহীতে আইসিইউ সংকটে একের পর এক শিশুমৃত্যুর ঘটনার মধ্যেই আলোচনায় আসে ২০০ শয্যার শিশু হাসপাতালটি, যা নির্মাণ শেষ হলেও এখনো চালু হয়নি। একইভাবে রংপুরের ১০০ শয্যার শিশু হাসপাতাল উদ্বোধনের ছয় বছর পরও কার্যক্রম শুরু করতে পারেনি। ৩১ কোটির বেশি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি বর্তমানে অবহেলায় পড়ে আছে। বরিশাল, খুলনা, কুমিল্লা ও সিলেটেও একই চিত্র দেখা যায়।

বিশেষ করে রংপুর বিভাগে কোনো বিশেষায়িত শিশু হাসপাতাল না থাকায় এ হাসপাতালটি ছিল মানুষের বড় আশা। কিন্তু ভবন হস্তান্তরের পরও প্রয়োজনীয় জনবল কাঠামো চূড়ান্ত না করা এবং বাজেট বরাদ্দ না থাকায় হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। এমনকি প্রশাসনিক অনুমোদন ছাড়াই উদ্বোধন করায় বিষয়টি জনসাধারণের সঙ্গে প্রতারণার শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেতে দীর্ঘসূত্রতার কারণে জনবল নিয়োগ আটকে আছে। তবে প্রশ্ন উঠছে, বিপুল অর্থ ব্যয়ে হাসপাতাল নির্মাণের আগে জনবল ও পরিচালন ব্যয়ের পরিকল্পনা কেন সম্পন্ন করা হয়নি, অথবা হয়ে থাকলে তা বাস্তবায়নে এত বিলম্ব কেন।

বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু আশ্বাস নয়—দ্রুত প্রশাসনিক জটিলতা নিরসন করে প্রয়োজনীয় জনবল ও বাজেট নিশ্চিত করে এসব হাসপাতাল চালু করা জরুরি। হামের প্রাদুর্ভাব থেকে শিক্ষা নিয়ে শিশুস্বাস্থ্যসেবায় কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

অব্যবস্থাপনাশিশুহাসপাতাল