বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
বিনোদন

সহ-অভিনেতার প্রেমে পড়তে চান পরিণীতি!

সহ-অভিনেতার প্রেমে পড়তে চান পরিণীতি!

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা তাদের প্রেম থেকে বিয়ের গল্প অনেকটাই রূপকথার মতো। তবে সম্প্রতি পরিণীতির একটি মন্তব্য ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। তিনি জানিয়েছেন, সহ-অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে— আর এতেই শুরু হয় নানা জল্পনা।

সম্প্রতি মা হওয়া এই অভিনেত্রী বর্তমানে স্বামী রাঘবের সঙ্গে থাইল্যান্ডে সময় কাটাচ্ছেন। সমুদ্রসৈকত থেকে শুরু করে ব্যাংককের ব্যস্ত চায়না টাউনের নানা মুহূর্ত নিয়মিতই শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিয়ের পর থেকে দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে যাতায়াতেই ব্যস্ত ছিলেন পরিণীতি। তবে মা হওয়ার পর আপাতত দিল্লিতেই সময় দিচ্ছেন তিনি। এদিকে গত দুই বছর বড় পর্দায় খুব একটা দেখা যায়নি তাকে। এর মধ্যেই তার ‘সহ-অভিনেতার প্রেমে পড়া’ প্রসঙ্গটি ঘিরে তৈরি হয় নতুন আলোচনা।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেন পরিণীতি। সেখানে তিনি লিখেছিলেন, কখনও কখনও সহ-অভিনেতার প্রতি ভালো লাগা তৈরি হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে— তবে কি সত্যিই নতুন কারও প্রেমে পড়লেন তিনি?

তবে বেশিক্ষণ সেই রহস্য জিইয়ে রাখেননি অভিনেত্রী। ছবিটি খেয়াল করলেই দেখা যায়, ভ্যানিটি ভ্যানের বাইরে বড় অক্ষরে লেখা রয়েছে স্বামী রাঘব চাড্ডার নাম! অর্থাৎ, স্বামীর সঙ্গেই কোনো অনুষ্ঠানে গিয়ে মজার ছলেই এমন পোস্ট করেছিলেন তিনি।

ইতোমধ্যেই নিজের পডকাস্টে একাধিকবার স্বামীর সাক্ষাৎকার নিয়েছেন পরিণীতি। তাই অনেকেরই কৌতূহল— বাস্তব জীবনের পর এবার কি পর্দাতেও জুটি বাঁধবেন এই দম্পতি? যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি তিনি।

তবে একটি বিষয় পরিষ্কার— সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই রাঘবকে নিজের ‘হিরো’ বলে উল্লেখ করেন পরিণীতি। ভক্তদের মতে, ‘সহ-অভিনেতা’র আড়ালে আসলে স্বামীর প্রতিই নিজের ভালোবাসা আরেকবার মজার ছলে প্রকাশ করলেন তিনি।

পরিণীতি চোপড়াবলিউডরাঘব চাড্ডা