অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ আনলেন সহকর্মী সামিয়া

মঙ্গলবার (৩ মার্চ) শুটিংয়ের সময় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। ফেসবুক লাইভে অথৈ জানান, আজ মঙ্গলবার মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা। তবে অভিযোগ অস্বীকার করে তিশা বলেন, বিষয়টি সম্পূূর্ণ আলাদা।
ফেসবুক লাইভে অভিনেত্রী সামিয়া অথৈ অঝোরে কেঁদে বলেন, ‘আমি এভাবে কখনো লাইভে আসি না। আমার সাথে যা ঘটেছে আমার মনে হয় সবাইকে জানানো উচিত। আজ মানিকগঞ্জে আমার প্রথম শুটিং ছিল। শুটিংয়ে স্ক্রিপ্টের বাইরেই তিশা আপু মারধর করেন। আমাকে সজোরে খামচি দেয়া হয়, এতে আমার হাত ছুলে রক্ত বের হচ্ছে।’
অথৈ আরও বলেন, ‘স্ক্রিপ্টে উনাকে আমার একটা থাপ্পর মারার দৃশ্য ছিল। আমি টেকনিক্যালি ওনাকে আস্তে করেই থাপ্পর মারি। কিন্তু এরপরই তিনি এমনভাবে আমাকে জোরে জোরে গালের মধ্যে চড় মারতে থাকে যে আমার চোখ মুখ ফুলে গেছে। যাই হোক আমি ঢাকায় চলে যাচ্ছি। শুটিংয়ের সিকিউরিটিকে আমি বিষয়টি জানাবো বলে ঠিক করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’ ঘটনার সময় মনিটরে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা ও পরিচালক। তারা বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করলেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো আসেনি।
অথৈর প্রাথমিক ধারণা, দুই বছর আগে অথৈকে অভিনেতা মুশফিক ফারহানের সাথে নাটক করতে নিষেধ করেছিলেন তিশা। সে নিষেধ না মানাতেই এমন আচরণ করেছেন অভিনেত্রী।



