বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
নারী

সুইডেনপ্রবাসী আনিকা খেলবেন বাংলাদেশ নারী ফুটবল দলে

aeaab12b458937ea4afe6bfe551ca13a-6996d59eef6f9

১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ নারী ফুটবল টুর্নামেন্ট। সাধারণত ২৩ সদস্যের স্কোয়াড হলেও এবার এএফসি স্কোয়াডে ২৬ জনকে রাখার সুযোগ দিচ্ছে। এই টুর্নামেন্টের জন্য বৃটিশ কোচ পিটার বাটলার ২৬ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করেছেন। জাপানি মাতসুশিমা সুমাইয়ার পর নারী ফুটবল দলে এবার সুযোগ পেলেন দ্বিতীয় প্রবাসী নারী ফুটবলার সুইডেনের আনিকা রানিয়া সিদ্দিকী। ‎‎

সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন তিনি। গত মাসে সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক। ইউরোপের ফুটবলে খেলার অভিজ্ঞতা এবার বাংলাদেশের ফুটবলে কাজে লাগাতে চাইবেন ২০ বছর বয়সী আনিকা। গত রাতে বাফুফের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় সেই অনুভূতির কথাই বলেছেন আনিকা, ‘শৈশব থেকেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্য ছিল। অবশেষে সেই লক্ষ্য পূরণ হয়েছে। জাতীয় দলে নাম লেখাতে পেরে সত্যিই আমি খুশি।’ আনিকার মতো একজনকে পেয়ে অধিনায়ক আফঈদাও খুশি। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সে (আনিকা) এখানে এসে ট্রায়াল দিয়েছে। মোটামুটি ভালোই আমাদের সঙ্গে মানিয়ে নিচ্ছে। আশা করি তার কোনো সমস্যা হচ্ছে না।’

কোচ পিটার বাটলার বলেন- “আমি তাকে সামর্থ্যের ভিত্তিতেই দলে নিয়েছি। তার বয়স একটি বড় ইতিবাচক দিক; সে ভবিষ্যতের খেলোয়াড়। তার মনোভাব বেশ ইতিবাচক এবং সে লড়াকু মানসিকতার। সে দলে মান ও শক্তি যোগ করবে এবং সময়ের সাথে আরও উন্নতি করবে।” গুরুতর চোট সমস্যা না থাকার স্বস্তির কথাও বললেন বাটলার।

১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপ খেলতে আজ রাত ২টায় ব্যাংকক হয়ে সিডনির উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। ‎১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম আসর। বাংলাদেশের গ্রুপে আছে নয়বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান। মূল টুর্নামেন্টে খেলার আগে ২২ ফেব্রুয়ারি থেকে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ২৬ ফেব্রুয়ারি স্থানীয় ফুটবল ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা আছে আফঈদাদের।

আনিকা রানিয়া সিদ্দিকীবাংলাদেশ নারী ফুটবলসুইডেন