ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা : অস্ট্রেলিয়া মিশনে ঋতুপর্ণাদের দল

আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ। নারী ফুটবলের এই জাকজমক আসরে অংশ নিতে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন পিটার বাটলারের দল।
বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে এবং একই সাথে প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ। এই গৌরবময় মুহূর্তে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন,’ আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে যে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন। ‘
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের গ্রুপে রয়েছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। চীন ও উত্তর কোরিয়া অত্যন্ত শক্তিশালী দল। তবে, অস্ট্রেলিয়ার মাঠেও লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রত্যয়ে রয়েছেন তারা।
গত জুলাইয়ে এশিয়ান কাপ নিশ্চিত হওয়ার পর বাফুফের নারী উইং প্রধান মাহফুজা আক্তার জাপানে ক্যাম্প করার কথা বললেও সেটি হয়নি। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ফিলিপাইনে ক্যাম্প করা এবং প্রস্তুতি ম্যাচ খেলার কথা শোনা গিয়েছিল। কিন্তু বাফুফে ব্যবস্থা করতে পারেনি সেগুলোরও। তবে অক্টোবরে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ এবং ডিসেম্বরে ঢাকায় মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করেছে। অস্ট্রেলিয়ায় গিয়েও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা সিডনির স্থানীয় এক দলের সঙ্গে। এশিয়ান কাপের আগে মেয়েদের মূল প্রস্তুতি পর্ব ধরতে হচ্ছে তাই ১৩ ফেব্রুয়ারি শেষ হওয়া লিগটাকেই।



