বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
বিবিধ

সবচেয়ে লম্বা সময় রোজা যেসব দেশে

Lantern lamp with beach sunset view

আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির এই মাসে রোজা পালনের সময়কাল দেশভেদে ভিন্ন হয়ে থাকে। ভৌগোলিক অবস্থান ও দিনের দৈর্ঘ্যের তারতম্যের কারণে কোথাও রোজার সময় সবচেয়ে বেশি, আবার কোথাও তুলনামূলকভাবে কম হয়। রমজান মাসে সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরণের পানাহার থেকে বিরত থেকে, রোজা রাখেন মুসলিমরা। এরপর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন তারা।

দিনের আলোর স্থায়িত্ব বিশ্বের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হয়। যেহেতু উত্তর গোলার্ধে এখন শীতকাল, তাই সেখানে বসবাসকারীরা এবারের রমজানে সবচেয়ে কম সময়ের রোজা রাখবেন। প্রথম দিন তাদের রোজার সময় হবে প্রায় সাড়ে ১১ থেকে ১৩ ঘণ্টা। যা দিনে দিনে বাড়তে থাকবে। অন্যদিকে চিলি, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দক্ষিণ গোলার্ধের দেশগুলোর বাসিন্দাদের দীর্ঘতম রোজা রাখতে হবে। প্রথম দিনে এর স্থায়িত্ব হবে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা। তবে মাসজুড়ে রোজার সময় ধীরে ধীরে কমতে থাকবে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এবারের রমজানে বিশ্বের দীর্ঘতম রোজা হবে ফিনল্যান্ডের হেলসিংকি শহরে। সেখানে মুসুল্লিদের দিনে প্রায় সাড়ে ১৭ ঘণ্টা রোজা রাখতে হবে। অন্যদিকে, সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে; যেখানে সময়সীমা মাত্র সাড়ে ১১ ঘণ্টা।

সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো এবার পবিত্র মাস রমজান মাসে প্রতিদিন গড়ে ১৪ ঘণ্টা রোজা পালন করবেন। রমজানের প্রথম দিনে চিলির পুয়ের্তো মন্টে এর সময়সীমা ১৫ ঘণ্টা ১৩ মিনিট। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ১৪ ঘণ্টা ৪৮, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৪ ঘন্টা ১৩, ইন্দোনেশিয়ার জাকার্তায় ১৩ ঘণ্টা ৪৮, মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৩ ঘণ্টা ১১, শ্রীলঙ্কার কলম্বোয় ১৩ ঘণ্টা ৬, থাইল্যান্ডের ব্যাংককে ১২ ঘণ্টা ৫৬, সৌদি আরবের রিয়াদে ১২ ঘণ্টা ৪৪, কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ভারতের নয়াদিল্লিতে ১২ ঘণ্টা ৩৮ মিনিট রোজা রাখতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, বাংলাদেশে এবার রোজার সময় হবে মধ্যম সারির। ১৯ ফেব্রুয়ারি (চাঁদ দেখা সাপেক্ষে) প্রথম রোজায় ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতার সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে। অর্থাৎ প্রথম রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। রমজানের শেষ দিকে দিনের দৈর্ঘ্য বেড়ে তা প্রায় ১৩ ঘণ্টা ২৪ মিনিটে দাঁড়াবে।

তবে, দেশের ভেতরেও অঞ্চলভেদে রোজার সময় কিছুটা পার্থক্য থাকে। যেমন বাংলাদেশের জেলায় জেলায় সময়ের সামান্য তারতম্য দেখা যায়। বৃহৎ দেশ যেমন রাশিয়া বা চীনের এক প্রান্তের রোজার সময় অন্য প্রান্তের তুলনায় অনেক কম বা বেশি হতে পারে।

Advertisements