বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
বিনোদন

ব্রেন টিউমার অস্ত্রোপচার শেষে দোয়া চাইলেন সহশিল্পীরা

605137594_850802444601609_5855591789034054854_n

ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা তিনি অবজারভেশনে থাকবেন। পোস্ট–অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে, এ জন্য এখনই অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে বিপদমুক্ত বলা যাচ্ছে না। তবে, চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারে কোনো জটিলতা হয়নি।

বিশ্বজুড়ে যখন ভালোবাসা দিবসের আমেজ, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানান তানিয়া। তিনি হাসপাতালের বিছানায় বসে থাকা একটি ছবি পোস্ট করেন । তিনি নিজেই লিখেছিলেন, ‘কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’

পরিচালক সকাল আহমেদের ভাষ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে তীব্র মাথাব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন তানিয়া। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। তানিয়ার অসুস্থতার খবর প্রকাশের পর বিনোদন অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী সামিরা খান মাহি ফেসবুকে তার একটি ছবি শেয়ার করে লিখেছেন, হাসপাতালের বিছানায় নয়, আমরা চাই তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে। তিনি তানিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তানিয়া বৃষ্টির এই দুঃসময়ে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তার পাশে দাঁড়াচ্ছেন। কেউ তার সঙ্গে কাজের স্মৃতি ভাগ করছেন, কেউ শেয়ার করছেন পুরোনো হাসিমুখের ছবি। প্রায় প্রতিটি বার্তায় একটাই প্রার্থনা—“দ্রুত সুস্থ হয়ে উঠুন তানিয়া।”

সময়ের স্রোতে নিজস্ব অবস্থান শক্ত করে নেওয়া ব্যস্ততম অভিনয়শিল্পীদের তালিকায় এখন উজ্জ্বল এক নাম—তানিয়া বৃষ্টি। ছোট পর্দায় নিয়মিত উপস্থিতি, একের পর এক নতুন নাটকের মুক্তি এবং অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়ার সক্ষমতা—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন একজন সম্ভাবনাময় এবং আলোচিত অভিনেত্রী। অভিনয়ের যাত্রায় বড় পর্দায় তার অভিষেক ঘটে ২০১৫ সালে। নির্মাতা আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ঘাসফুল-এ অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তানিয়া বৃষ্টি।

Advertisements