বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
জীবনযাপন

অফিসে কেন ব্যক্তিগত কথা বলা উচিত নয়

220-SM912580

অফিসে কাজের ফাঁকে সহকর্মীদের সঙ্গে দুই মিনিটের আড্ডা মন ভালো করে দেয়। সারাদিনের মিটিং, ডেডলাইন আর চাপের মাঝখানে এই হালকা কথাবার্তা অনেকের জন্য স্বস্তির।কিন্তু আড্ডার মধ্যেই কখন যে ব্যক্তিগত জীবনের গল্প ঢুকে পড়ে। তা অনেক সময় নিজের অজান্তেই ঘটে যায়।

সমস্যা হলো অফিস তো বন্ধুবান্ধবের আড্ডাখানা নয়। এখানে কতটুকু বলা যাবে আর কতটুকু বলা যাবে না সেই সীমাটা না জানলে বিপদে পড়তে হতে পারে।

কেন অফিসে ব্যক্তিগত আলোচনা এড়িয়ে চলা ভালো

১. ব্যক্তিগত সমস্যায় নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়। স্বামী-স্ত্রীর ঝগড়া, পারিবারিক অশান্তি বা শ্বশুরবাড়ির সমস্যা সহকর্মীদের জানালে তারা আপনার ব্যাপারে ভিন্ন ধারণা পেতে পারে। এতে আপনার পেশাদার ভাবমূর্তি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

Advertisements

২. জোরে ফোনে কথা বলা বিরক্তিকর। অফিসে বসে উচ্চস্বরে ফোনে কথা বলা বা ঝগড়া করা অন্যদের কাজে ব্যাঘাত ঘটায়। পাশাপাশি আপনাকে অপেশাদার বলেও মনে হতে পারে।

৩. কথা ছড়ালে ভুল ব্যাখ্যা হয়। আপনি যা বলেছেন অন্য কেউ তা নিজের মতো করে বুঝে নিতে পারে। এতে ভুল বোঝাবুঝি তৈরি হয়। যা ভবিষ্যতে আপনার জন্য ক্ষতিকর হতে পারে।

৪. কাজের মনোযোগ কমে যায়৷ ব্যক্তিগত আলোচনা বাড়তে থাকলে কাজে মনোযোগ নষ্ট হয়। ধীরে ধীরে এর প্রভাব পড়ে আপনার কর্মদক্ষতা ও ক্যারিয়ারে।

৫. পরচর্চার সুযোগ তৈরি হয়। অতিরিক্ত ব্যক্তিগত কথা বললে কেউ কেউ আড়ালে আপনাকে নিয়ে আলোচনা করতে পারে। এতে অফিসে আপনার গ্রহণযোগ্যতা কমে যেতে পারে।

কোন বিষয়গুলো অফিসে না বলাই ভালো

অফিসে এসব বিষয় এড়িয়ে চলাই নিরাপদ—

  • ধর্ম নিয়ে মন্তব্য বা সমালোচনা
  • রাজনৈতিক মতাদর্শ নিয়ে তর্ক
  • যৌন জীবন নিয়ে খোলামেলা আলোচনা
  • সবসময় নিজের বড় বড় ক্যারিয়ার পরিকল্পনা বলা
  • ব্যক্তিগত বা গোপন স্বাস্থ্যগত সমস্যা

তাহলে কি অফিসে একেবারেই ব্যক্তিগত কথা বলা যাবে না?

আমরা দিনের বড় একটা সময় অফিসেই কাটাই। স্বাভাবিকভাবেই কারও কারও সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। যাদের আপনি সহকর্মীর পাশাপাশি বন্ধু মনে করেন। তাদের সঙ্গে সীমিত পরিসরে ব্যক্তিগত কথা বলা যেতে পারে।

কিন্তু মনে রাখতে হবে অফিসের সবাই আপনার আপনজন নয়।তাই সবার সঙ্গে সব কথা শেয়ার করা বুদ্ধিমানের কাজ নয়।অফিসে হালকা আড্ডা কাজের চাপ কমায় এতে দোষ নেই।

কিন্তু ব্যক্তিগত জীবনের কথা সেখানে যত কম বলা যায় ততই ভালো।

পেশাদার পরিবেশে নিজের ভাবমূর্তি আর ক্যারিয়ারের কথা ভেবে মানুষ চিনে কথা বলুন। প্রয়োজন বুঝে কথা বলুন। তাতে অফিসের সম্পর্ক যেমন সুন্দর থাকবে। তেমনি আপনার ক্যারিয়ারও নিরাপদ থাকবে।

Advertisements