এশিয়ার সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের তিন ছবি

এশিয়ার চলচ্চিত্রাঙ্গনে বাংলাদেশের জন্য এসেছে বড় স্বীকৃতি। প্রভাবশালী চলচ্চিত্রভিত্তিক ওয়েবসাইট এশিয়ান মুভি পালস প্রকাশিত ‘২০২৫ সালের এশিয়ার সেরা ২০ সিনেমা’ তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা।
তালিকায় ৫ নম্বরে রয়েছে মেহেদী হাসান পরিচালিত বালুর নগরীতে, ১৭ নম্বরে সৌমিত্র দস্তিদারের জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক এবং ১৯ নম্বরে নুহাশ হুমায়ূনের অ্যানথোলজি ২ষ।
২০০৯ সাল থেকে এশিয়ান মুভি পালস এশীয় সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার কাজ করছে। ২০১৯ সাল থেকে তারা নিয়মিতভাবে এশিয়ার সেরা সিনেমার তালিকা প্রকাশ করে আসছে। শৈল্পিক মান, গল্প বলার ধরন, নির্মাণশৈলী, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই এই তালিকা তৈরি করা হয়।
এ বছরের তালিকার শীর্ষে স্থান পেয়েছে ইরানের ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। জাফর পানাহি পরিচালিত এই সিনেমাটি গত বছর কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম অর্জন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের ইরকালা: ড্রিমস অব গিলগামেশ। তৃতীয় স্থানে ইরানের কাটিং থ্রো রকস এবং চতুর্থ স্থানে সৌদি আরবের হিজরা।
তালিকার পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের বালুর নগরীতেকে একটি সংবেদনশীল ও ব্যতিক্রমী আর্টহাউস সিনেমা হিসেবে উল্লেখ করা হয়েছে। ধীর ছন্দ ও গভীর আবহে নির্মিত ছবিটি অল্প পরিসরের গল্প বলেও দর্শকের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে।
সিনেমাটির প্রধান চরিত্র এমা (ভিক্টোরিয়া চাকমা)। বিড়ালের লিটার বক্সের জন্য বালু সংগ্রহ করতে গিয়ে একদিন তিনি হঠাৎ একটি কাটা আঙুল খুঁজে পান, যা তার জীবনে অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহের সূচনা করে।
ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে এটি গ্র্যান্ড জুরি পুরস্কার জিতে নেয়। এরপর ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে এবং সর্বশেষ গ্লাসগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে।
জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক সিনেমাটিকে সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের প্রতিবাদ ও সংগ্রামের বাস্তব চিত্র উঠে এসেছে ছবিটিতে।
অন্যদিকে নুহাশ হুমায়ূনের অ্যানথোলজি ২ষ সম্পর্কে বলা হয়েছে, এতে কয়েকটি শক্তিশালী গল্প রয়েছে, যা দর্শককে আকৃষ্ট করে। যদিও কিছু সীমাবদ্ধতা আছে, তবুও এটি একটি প্রশংসনীয় সংকলনচিত্র।



