নেছারাবাদে বিএনপির মহিলা দলে যোগ দিলেন মহিলা লীগের শতাধিক নেতাকর্মী

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা লীগ থেকে বেরিয়ে এসে বিএনপির মহিলা দলে যোগ দিয়েছেন শতাধিক নারী। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের একতা গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
নতুন করে দলে যোগ দেওয়া নারীরা জানান, বিএনপির গণতান্ত্রিক আদর্শ, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা তাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে। তাদের ভাষ্য, অতীতের রাজনৈতিক ভুল-বোঝাবুঝি কাটিয়ে এখন তারা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান। আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে ভূমিকা রাখারও অঙ্গীকার করেন তারা।
পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সমর্থনে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইশতিয়াক আহমেদ সোহাগ ও মো. রাজীব রায়হান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমীন মিয়া, সদস্যসচিব সাইফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



