২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

হরিণ প্রতীক নিয়ে রংপুর-৩ আসনে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী

Untitled-3

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক বরাদ্দ পেয়েছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের কাছ থেকে তিনি প্রতীকটি গ্রহণ করেন।

এই আসনে এবারও বেশ কয়েকজন প্রভাবশালী প্রার্থীর সঙ্গে লড়ছেন রানী। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের), বিএনপির সামসুজ্জামান সামু, জামায়াতের অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল এবং বাসদের আব্দুল কুদ্দুস।

এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন আনোয়ারা ইসলাম রানী। সে সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে জিএম কাদেরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পেয়েছিলেন ২৩ হাজার ৩৩৯ ভোট।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে আনোয়ারা ইসলাম রানী বলেন, হরিণ প্রতীক পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। দলিত, হরিজন, আদিবাসী, তৃতীয় লিঙ্গ, বিশেষ চাহিদাসম্পন্ন ও সমাজের পিছিয়ে পড়া মানুষেরা তার পাশে দাঁড়িয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ৫৪ বছর ধরে এসব জনগোষ্ঠী অবহেলিত ও বঞ্চিত। নিরীহতার প্রতীক হিসেবেই তিনি হরিণ প্রতীককে বেছে নিয়েছেন। সংসদে গিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবির কথা তুলে ধরতে চান বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও নির্বাচন প্রক্রিয়া এগিয়ে চলছে। আশা প্রকাশ করেন, সুষ্ঠুভাবেই ভোট অনুষ্ঠিত হবে। এ সময় তিনি রংপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, জিএম কাদের ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে রংপুর-৩ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Advertisements
Advertisements