২০ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৫ আশ্বিন ১৪৩৩
নারী

মৃত্যুর আগে গৃহবধূর অভিযোগ: ‘আমাকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে’

Untitled-1

চট্টগ্রামের সাতকানিয়ায় রহস্যজনকভাবে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর আগে হাসপাতালের শয্যায় কাঁপা কণ্ঠে তিনি অভিযোগ করেন, তাকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে। কিছুক্ষণ পরই নিভে যায় তার জীবনপ্রদীপ।

নিহত ওই নারীর নাম আমেনা বেগম (২৪)। শনিবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন মোড় নেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য আমেনার স্বামী মো. ইউছুফকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বাহাদিরপাড়া এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, আমেনার বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীরপাড়ায়। ২০২২ সালের আগস্টে ইউছুফের সঙ্গে তার বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিত হত্যাকাণ্ড। আমেনার বড় ভাই মো. ফোরকান বলেন, “মৃত্যুর আগের দিন বিকেলে আমার বোন ফোন করে জানায়, তাকে যেন দ্রুত শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাই। সে বলেছিল, না নিলে বড় বিপদ হবে। কয়েক ঘণ্টা পরেই খবর আসে—সে বিষপান করেছে।”

স্বজনদের অভিযোগ, যৌতুককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আমেনার ওপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। টাকা-পয়সা দেওয়ার পরও নির্যাতন বন্ধ হয়নি। শেষ পর্যন্ত তাকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে বলে তাদের দাবি।

Advertisements

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন স্বামী ইউছুফ। তার দাবি, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ফিরে এসে স্ত্রীকে অসুস্থ অবস্থায় দেখতে পান এবং দ্রুত হাসপাতালে নেন। সেখানে গিয়ে জানতে পারেন, সে বিষ খেয়েছে।

সাতকানিয়া থানার পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisements