২১ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৬ আশ্বিন ১৪৩৩
নারী

শিশুসহ দম্পতির মৃত্যু, আগুনে শেষ সাজানো পরিবার

Untitled-1

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দুই বছরের শিশু রিশান, তার বাবা কাজী ফজলে রাব্বি রিজভী ও মা আফরোজা আক্তার সুবর্ণা।

শুক্রবার সকালে ১৮ নম্বর সড়কের একটি পাঁচতলা ভবনে আগুন লাগার পর ধোঁয়ায় অচেতন হয়ে পড়েন তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, নিহতদের শরীরে কোনো দগ্ধের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত রাব্বি একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার স্ত্রী সুবর্ণাও আরেকটি ওষুধ কোম্পানির কার্যালয়ে কর্মরত ছিলেন। তাদের একমাত্র সন্তান রিশানকে কর্মব্যস্ততার কারণে প্রায়ই নানাবাড়িতে রেখে অফিসে যেতেন তারা। প্রতিদিন অফিস শেষে ছেলেকে নিয়ে বাসায় ফিরতেন দম্পতি।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, আগুন লাগার সময় তারা বাসার ভেতরেই ছিলেন। ধোঁয়ায় পুরো ফ্ল্যাট অন্ধকার হয়ে গেলে বের হওয়ার সুযোগ পাননি তারা।

নিহত রাব্বির বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায়। খবর পেয়ে তার বাবা-মা দ্রুত ঢাকায় ছুটে আসেন। সন্ধ্যায় তিনজনের মরদেহ কুমিল্লায় নেওয়া হয়। পারিবারিক কবরস্থানে একসঙ্গে তাদের দাফন করা হবে।

Advertisements

এই মর্মান্তিক ঘটনায় স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক। এক মুহূর্তেই একটি হাসিখুশি পরিবার চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল।

Advertisements