২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

গণভোটে স্পষ্ট হ্যাঁ, নাগরিক পদক অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানার আহ্বান

Untitled-5

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের ক্ষমতার ভার জনগণের হাতে ফিরিয়ে আনতে হলে আসন্ন গণভোটে স্পষ্টভাবে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই একমাত্র উপায়। তিনি বলেন, সংস্কার শুধু কথার মাধ্যমে সম্ভব নয় এটি বাস্তবায়ন করতে হলে ভোটের মাধ্যমে পদক্ষেপ নিতে হবে।

রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগরভবনে নাগরিক পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক প্রদান করা হয়।

রিজওয়ানা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিন নাগরিকদের দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে একটি সংসদ নির্বাচনে ভোট, অন্যটি গণভোটে। তিনি সবাইকে সচেতনভাবে ভোট দেওয়ার পরামর্শ দেন, যাতে পরে আফসোস না করতে হয়। গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে দেশের ক্ষমতার ভারসাম্য, এবং সত্যিই যদি সংস্কার চান, তবে স্পষ্টভাবে ‘হ্যাঁ’ বলাই প্রয়োজন।

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে প্রস্তাবিত নোট ও ব্যাখ্যাগুলো পড়া এবং বোঝা অত্যন্ত জরুরি। শুধুমাত্র স্বৈরশাসন চলে যাওয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। নাগরিকদের সচেতন থাকা এবং ভয়কে জয় করা গণতান্ত্রিক অধিকার রক্ষায় জরুরি।”

অনুষ্ঠানে উপস্থিত গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেশের জন্য একটি রক্ষা ব্যবস্থা। তিনি উল্লেখ করেন, জুলাই শহীদরা যে স্বপ্ন দেখেছেন, তা হচ্ছে বৈষম্যহীন ও আধিপত্যহীন সমাজ।

গবেষক সলিমুল্লাহ খান বলেন, ৫ আগস্টের পরিবর্তন যে যুগান্তকারী হিসেবে দেখানো হয়েছিল, বাস্তবে তা তাৎপর্যপূর্ণভাবে রূপায়িত হয়নি। তিনি বলেন, আসন্ন গণভোটে দেশের নাগরিকরা অতীতের অঙ্গীকার অনুযায়ী মানবিক মর্যাদা, সাম্য ও সামাজিক ন্যায়বিচারের রক্ষা নিশ্চিত করবেন।

Advertisements

অনুষ্ঠানে নাগরিক পদক প্রদান করা হয় পরিবেশ সংরক্ষণে ভাসানটেক স্কুল অ্যান্ড কলেজ, উদ্ভাবনমূলক উদ্যোগে আব্দুর রশিদ সোহাগ, সোশ্যাল মিডিয়া কনটেন্ট নির্মাণে আপলিফট বাংলাদেশ, অ্যাডভোকেসিতে কড়াইল বস্তির হাওয়া বেগম, প্রাণী অধিকার ও সুরক্ষায় প ফাউন্ডেশন, সামাজিক সংস্থা হিসেবে উত্তরা পাবলিক লাইব্রেরি, ব্যক্তি উদ্যোগে শ্রুতি রানী দে, এবং সর্বোচ্চ করদাতা হিসেবে পানি উন্নয়ন বোর্ড।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সভাপতিত্ব করেন। অতিথিরা পদকপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।

Advertisements