ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে নামতে চান তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তাসনিম জারা।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে প্রার্থিতা ফিরে পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা জানান।
তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশন তার আপিল মঞ্জুর করেছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি জানান, এখন তিনি নির্বাচন কমিশনের কাছে প্রতীক বরাদ্দের জন্য আবেদন করবেন এবং তার প্রথম পছন্দ ফুটবল প্রতীক। সেই প্রতীক পাওয়ার জন্যই তিনি আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেবেন।
এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুজনের তথ্যের গরমিল পাওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।
পরবর্তীতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে নির্বাচন কমিশন তা গ্রহণ করে এবং তার প্রার্থিতা পুনর্বহাল করা হয়।



