বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৯ জুলাই, ২০২৬
নারী

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

Untitled-4

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের কেন্দ্রে অবস্থিত কারপেন্টার স্ট্রিট এখন থেকে তার নামেই পরিচিত হবে।

শহর প্রশাসনের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। তারা বলছেন, এই উদ্যোগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতির একটি দৃষ্টান্ত। অনেকের মতে, এটি শুধু একটি সড়কের নাম পরিবর্তন নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের স্মারক হিসেবেও বিবেচিত হবে।

এর আগেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নেতাদের নামে সড়কের নামকরণ হয়েছে। শিকাগো শহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলো বেগম খালেদা জিয়ার নাম।

জানা গেছে, বর্তমানে হ্যামট্রমিক সিটি কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের উদ্যোগ ও প্রচেষ্টার ফলেই এই নামকরণ কার্যকর হয়েছে। জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশের কারপেন্টার স্ট্রিটকে খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি কাউন্সিলের সভায় অনুমোদন পায়।

Advertisements

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এর ফলে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে আরও আগ্রহী হবে। এদিকে, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা এই সিদ্ধান্তে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন।

Advertisements