নারী বিশ্বকাপের বাছাই: গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ কারা

২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া এই বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ নারী ক্রিকেট দল গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে।
আগামী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই অভিযান শুরু হবে। মোট ১০ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট থেকে চারটি দল আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেবে।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। স্বাগতিক ইংল্যান্ডসহ ২০২৪ আসরের পারফরম্যান্সের ভিত্তিতে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং র্যাঙ্কিংয়ের মাধ্যমে পাকিস্তান ও শ্রীলঙ্কা—এই আট দল ইতোমধ্যে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। বাছাইপর্ব থেকেই নির্ধারিত হবে বাকি চার দল।
বাছাইপর্বে দলগুলোকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নামিবিয়া ও পাপুয়া নিউগিনি। অন্যদিকে ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।
গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল জায়গা পাবে সুপার সিক্সে। সেখানে দলগুলো বিপরীত গ্রুপ থেকে আসা তিন দলের বিপক্ষে ম্যাচ খেলবে। সুপার সিক্স পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
বাছাইপর্বের ম্যাচগুলো নেপালের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড ও মুলপানি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে হবে সব ম্যাচ।
মূল লড়াইয়ের আগে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে।
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে



