বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

ভিত্তিহীন কটাক্ষ নিয়ে মুখ খুললেন হেমা মালিনী

Untitled-2

স্বামী ধর্মেন্দ্রর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কটাক্ষ ও ভিত্তিহীন মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী হেমা মালিনী। এসব ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়লেও নীরব না থেকে স্বামীর মৃত্যুর প্রায় দুই মাস পর আলাদা করে এক সংবাদ সম্মেলন ডেকে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে হেমা মালিনী বলেন, ধর্মেন্দ্রর অসুস্থতার সময়টা তাদের পরিবারের জন্য ছিল অত্যন্ত কঠিন। তিনি জানান, এক মাস ধরে ভালো বোধ না করায় ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবারই তিনি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরতেন, তাই এবারও পরিবারের সবাই আশাবাদী ছিলেন।

হেমা বলেন, “উনি আমাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন। আমরা ওর জন্মদিনের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম। হঠাৎ করেই সেই ভয়াবহ খবর আসে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা মন্তব্য প্রসঙ্গে হেমা মালিনী বলেন, অনেকেই তার শারীরিক অবস্থা ও আবেগ নিয়ে ভুল ধারণা ছড়িয়েছেন। তিনি বলেন, “অনেকে বলেছেন আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি মানসিকভাবে শক্ত মানুষ। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানি।”

Advertisements

তিনি আরও বলেন, “২০ বছর আগে আমার মা মারা যাওয়ার সময় মনে হয়েছিল, তাকে ছাড়া আমি বাঁচতে পারব না। কিন্তু জীবন আমাদের কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শেখায়।”

হেমা মালিনী জানান, ধর্মেন্দ্রর স্মৃতি এখনো তাদের দৈনন্দিন জীবনের অংশ। তার পছন্দের খাবার এখনো বাসায় রান্না হয় এবং সেসব মুহূর্তে তাকে গভীরভাবে অনুভব করেন তারা। এইভাবেই ধীরে ধীরে বাস্তবতাকে মেনে নেওয়ার চেষ্টা চলছে বলে জানান অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। টানা ১৬ দিন চিকিৎসা শেষে ১২ নভেম্বর তিনি বাড়ি ফেরেন। তবে ২৪ নভেম্বর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Advertisements