বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১ আগস্ট, ২০২৬
নারী

এনসিপি থেকে পদত্যাগ তাসনিম জারার, ভোটের মাঠে স্বতন্ত্র লড়াই

Untitled-5

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) দলের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

পদত্যাগের পর এনসিপির দলীয় গ্রুপে দেওয়া এক বার্তায় তাসনিম জারা লেখেন, “প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল।”

এদিকে শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তাসনিম জারা লেখেন, তিনি খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা একজন মানুষ এবং রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করার স্বপ্ন দেখেছিলেন। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন না।

তিনি আরও লেখেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য এবং জনগণের জন্য লড়াই করার যে ওয়াদা তিনি করেছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন, তা রক্ষা করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সে লক্ষ্যেই তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

Advertisements

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে দলীয় অফিস, সংগঠিত কর্মী বাহিনী কিংবা সরকার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় এলাকার মানুষের সমর্থনই তার একমাত্র ভরসা বলে জানান তাসনিম জারা।

আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর প্রয়োজন। তিনি রোববার থেকেই এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করবেন বলে জানান এবং এ কাজে সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া সম্প্রতি নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় যারা অর্থ সহায়তা করেছেন, পরিবর্তিত সিদ্ধান্তের কারণে কেউ অর্থ ফেরত নিতে চাইলে তা ফেরত দেওয়ার ব্যবস্থার কথাও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তাসনিম জারা।

রাজনৈতিক অঙ্গনে এনসিপি থেকে তার পদত্যাগ এবং স্বতন্ত্র নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাকে ঢাকা-৯ আসনের নির্বাচনী পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

Advertisements