বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
নারী

আইন ভেঙে নয়, জনগণের টাকায় নির্বাচন করতে চান তাসনিম জারা

WhatsApp Image 2025-12-23 at 2.57.48 AM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতা ও সততার অঙ্গীকার করে আলোচনায় এসেছেন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি প্রচলিত ‘কালো টাকার রাজনীতি’ থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন এবং আইনসম্মত ব্যয়ের মধ্যেই নির্বাচন পরিচালনার ঘোষণা দেন।

বাংলাদেশের নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, একজন সংসদ সদস্য প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটারপ্রতি ১০ টাকা—এই দুইয়ের মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অর্থ নির্বাচনী প্রচারণায় ব্যয় করতে পারেন। তবে বাস্তবতায় এই নিয়ম প্রায়ই লঙ্ঘিত হয় বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় শোনা যায়, অনেক প্রার্থী নির্বাচনে অংশ নিতে ২০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয় করেন, যদিও নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হিসাবপত্রে দেখানো হয় অনুমোদিত সীমার অনেক কম।

এই প্রেক্ষাপটে নিজের অবস্থান ব্যাখ্যা করে তাসনিম জারা তার পোস্টে লেখেন, সংসদে যাওয়ার যাত্রা যেন আইন ভাঙা ও মিথ্যার মধ্য দিয়ে শুরু না হয়—এই বিশ্বাস থেকেই তিনি ভিন্ন পথে হাঁটতে চান। তার ভাষায়,
“আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করবো না। আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকাও খরচ করবো না।”

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী ব্যয় যখন ১০ বা ২০ কোটি টাকা ছাড়িয়ে যায়, তখন নির্বাচিত হওয়ার পর সেই টাকা তুলতে গিয়ে চাঁদাবাজি ও টেন্ডারবাজি ‘বাধ্যতামূলক’ হয়ে দাঁড়ায়। এতে রাজনীতি সাধারণ মানুষের হাতছাড়া হয়ে মুষ্টিমেয় কিছু সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায় বলেও মন্তব্য করেন তিনি।

Advertisements

নিজের নির্বাচনী এলাকার তথ্য তুলে ধরে তাসনিম জারা জানান, তার আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৭০ হাজার। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই আসনে তিনি সর্বোচ্চ ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। এই অর্থ তিনি সরাসরি জনগণের সহায়তা থেকেই সংগ্রহ করতে চান বলে জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন,
“অনেকে বলেছেন, এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব। আমি তাদের বলেছি—নতুন বাংলাদেশ গড়তে হলে অন্য কোনো পথ নেই।”

নির্বাচনী অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বর খোলার কথা জানান। একই সঙ্গে প্রতিটি টাকার আয় ও ব্যয়ের হিসাব প্রমাণসহ জনসমক্ষে প্রকাশ করার প্রতিশ্রুতিও দেন।

প্রার্থীর প্রকাশিত ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিটেইলস:

ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস:
Account Name: Tasnim Jara
Account Number: 1261570464960
Bank Name: Dutch-Bangla Bank PLC
Branch: Elephant Road
Routing Number: 090261338

বিকাশ অ্যাকাউন্ট ডিটেইলস:
বিকাশ নম্বর: 01870 20 93 59
নাম: Tasnim Jara
অ্যাকাউন্ট টাইপ: পার্সোনাল

রাজনীতিতে অর্থের প্রভাব ও নির্বাচনী ব্যয়ের স্বচ্ছতা নিয়ে চলমান বিতর্কের মধ্যে তাসনিম জারার এই ঘোষণাকে অনেকেই ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন।

Advertisements