মানসিক সুস্থতার বার্তায় জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন

পরিবেশ দূষণের মতোই মনের দূষণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে নিজেকে যেমন, তেমনি সমাজকেও। মন ভালো রাখার সেই চর্চাকেই বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে রাজধানী ঢাকাসহ দেশ-বিদেশে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস।
রোববার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজন করে বাংলাদেশে মেডিটেশন চর্চার পথিকৃৎ স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। সকাল ৭টা থেকে শুরু হওয়া আয়োজনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো শান্তিপ্রিয় মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই সম্মিলিত কণ্ঠে ভালো থাকার প্রত্যয় ঘোষণা করেন উপস্থিতরা। এরপর সবাই নীরবে মেডিটেশনে অংশ নেন।
অনুষ্ঠানে অডিওবার্তায় অংশগ্রহণকারীদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী।
কোয়ান্টাম মেথডের উদ্ভাবক শহীদ আল বোখারী মহাজাতক এক অডিওবার্তায় বলেন, কোয়ান্টাম তিন দশক ধরে বলে আসছে—‘মন ভালো তো সব ভালো’। তিনি জানান, জাতিসংঘ ২০২৪ সালে ২১ ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করায় বিশ্বব্যাপী মেডিটেশন চর্চাকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ ধারাবাহিকতায় কোয়ান্টাম ২০২৫ সালকে ‘দ্য ইয়ার অব মেডিটেশন’ হিসেবে ঘোষণা করেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল জীবনে উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা, ভয় ও অনিশ্চয়তা মানুষের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সমস্যা থেকে মুক্তির কার্যকর উপায় হিসেবে মেডিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই মেডিটেশনের বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া প্রয়োজন।
মেডিটেশন চর্চার অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, জাতীয় প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজওয়ানুল হক রাজা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন এবং স্কলাস্টিকা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. শাহিদা রহমান।
ঘণ্টাব্যাপী এই আয়োজনে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা এবং বিদেশের বিভিন্ন স্থানেও একযোগে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়। শতাধিক স্থানে একই সময়ে মেডিটেশনে অংশ নেন শিশু-কিশোরসহ অসংখ্য মানুষ।
বিশ্ব মেডিটেশন দিবসকে কেন্দ্র করে মানসিক সুস্থতা ও ইতিবাচক জীবনের চর্চায় আরও বেশি মানুষ যুক্ত হবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।



