বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৩ আগস্ট, ২০২৬
নারী

ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার

dse-nd-20251218184554

তিন বছরের বেশি সময় পর স্থায়ী ব্যবস্থাপনা পরিচালক পেতে যাচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন এমডি হিসেবে বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এর সাবেক কর্মকর্তা নুজহাত আনোয়ারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তারিক আমিন ভূঁইয়া। তিনি ২০২১ সালের ২৫ জুলাই দায়িত্ব গ্রহণ করে ২০২২ সালের ২৩ আগস্ট পর্যন্ত এ পদে ছিলেন। এরপর থেকে দীর্ঘ সময় ধরে ভারপ্রাপ্ত এমডির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

ডিএসইর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্থিক খাত, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে নুজহাত আনোয়ারের রয়েছে দুই দশকেরও বেশি পেশাগত অভিজ্ঞতা। আইএফসিতে কর্মরত অবস্থায় তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন।

আইএফসিতে দায়িত্বকালে তিনি লাইবেরিয়া ও সিয়েরা লিওনে রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করা সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি ও পরবর্তী সময়ের রূপান্তরকালীন পর্যায়ে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। গ্যাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠা এবং টেকসই বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণে তার অবদান উল্লেখযোগ্য। বতসোয়ানায় আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নুজহাত আনোয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনা, লেনদেন সেবা, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বাজার উন্নয়ন বিষয়ে বিশেষ দক্ষ। কর্মজীবনের শুরুতে তিনি সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে টানা ১৬ বছর বিভিন্ন সিনিয়র ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নিয়োগ প্রসঙ্গে ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, নতুন এমডি হিসেবে নুজহাত আনোয়ারের নিয়োগে বিএসইসির অনুমোদন পাওয়ায় তারা সন্তুষ্ট। গত এক বছরে এনআরসি ও পরিচালনা পর্ষদ যোগ্য ও দক্ষ নেতৃত্ব বাছাইয়ে ধারাবাহিকভাবে কাজ করেছে।

তিনি আরও বলেন, দেশ ও বিদেশে আর্থিক খাতে নুজহাত আনোয়ারের বিস্তৃত অভিজ্ঞতা এবং দেশের পুঁজিবাজারকে আধুনিক ও কার্যকরভাবে রূপান্তরের আগ্রহ ডিএসইকে ভবিষ্যতে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খুব শিগগিরই দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Advertisements