রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ জয়ীদের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ বছরের পদকপ্রাপ্তরা রুবহানা রাকিব, নাবিলা ইদ্রিস, কল্পনা আক্তার ও ঋতুপর্ণা চাকমা।
সংবর্ধনা অনুষ্ঠানে পদকজয়ীরা সম্প্রতি ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারের কাছে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, সংবর্ধনা পাওয়ার জন্য আমরা উৎফুল্ল ছিলাম, তবে এই ঘটনার পর আমরা বিচলিত। প্রধান উপদেষ্টা জানান, হামলাটি পূর্ব পরিকল্পিত এবং তিনি পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
শ্রম অধিকার ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমে অবদানের জন্য কল্পনা আক্তার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শ্রম আইন ও কনভেনশন বাস্তবায়ন একটি ঐতিহাসিক পদক্ষেপ। প্রধান উপদেষ্টা কল্পনা আক্তারের অবদানকে প্রশংসা করে বলেন, তিনি একজন শক্তিশালী নারী এবং শ্রমিক অধিকার ও কনভেনশন বাস্তবায়ন তার অগ্রাধিকারে ছিল।
প্রধান উপদেষ্টা আইসিডিডিআরবি’র গবেষক ড. রুবহানা রাকিবের সঙ্গে সংস্থার পরিস্থিতি ও রোহিঙ্গা শিবিরের বিষয়ে খোঁজখবর নেন। নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমার সঙ্গে দলের প্রস্তুতি, নতুন খেলোয়াড় ও অনুশীলনের বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, দেশের সবাই তাদের ভক্ত এবং তাদের সম্মান মানে অনেককে অনুপ্রাণিত করা।
মানবাধিকার ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত নাবিলা ইদ্রিস প্রধান উপদেষ্টার প্রশংসা করেন এবং গুমের বিচার শুরু হওয়ায় বিশেষ ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে চারজনকে গ্রামীণ নারীদের জীবন ও অর্থনৈতিক সংগ্রাম নিয়ে লেখা নিজের বই ‘বেলতৈল গ্রামের জরিমন, ও অন্যান্যরা’ উপহার দেন। অনুষ্ঠানে নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং সিনিয়র সচিব মমতাজ আহমেদ উপস্থিত ছিলেন।



