জনপ্রিয় গায়িকাকে নগ্ন ছবি পাঠিয়ে হেনস্তা ও হত্যার হুমকি

দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় সংগীতশিল্পী ও রেডিও জকি চিন্ময়ী শ্রীপদা সম্প্রতি ভয়াবহ সাইবার হেনস্তার শিকার হয়েছেন। একটি অজ্ঞাতপরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে তাকে নগ্ন ছবি পাঠানোসহ অকথ্য ভাষায় গালিগালাজ এবং তার দুই সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, চিন্ময়ী নিজেই ইনস্টাগ্রামে এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন। সেখানে তিনি জানান, একদল নেটিজেন দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে হেনস্তা করছে এবং তার পরিবারের নিরাপত্তা নিয়ে গুরুতর হুমকি দিচ্ছে। এ ঘটনায় তিনি ইতোমধ্যে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, এই হেনস্তার সূত্রপাত হয়েছে চিন্ময়ীর স্বামী, অভিনেতা ও পরিচালক রাহুল রবীন্দ্রন–এর একটি মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি তার আসন্ন চলচ্চিত্র ‘দ্য গার্লফ্রেন্ড’–এর প্রচারণার সময় রাহুল মঙ্গলসূত্র প্রথা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। তিনি বলেন, মঙ্গলসূত্র পরিধান করা ব্যক্তিগত পছন্দের বিষয় হওয়া উচিত এবং সমাজে নারীদের জন্য যেমন এ ধরনের প্রতীক বাধ্যতামূলক, পুরুষদের ক্ষেত্রে তেমন কোনো নিয়ম নেই। এই বক্তব্যের জেরে ক্ষুব্ধ একাংশের আক্রমণের শিকার হন চিন্ময়ী।
উল্লেখ্য, ২০১৪ সালে রাহুল রবীন্দ্রনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিন্ময়ী শ্রীপদা। তাদের দুই সন্তান রয়েছে। মাত্র ১৬ বছর বয়সে কিংবদন্তি সংগীত পরিচালক এ. আর. রহমানের তামিল চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
এর আগে ২০১৮ সালে মিটু আন্দোলনের সময় গীতিকার বৈরামুথুর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলার কারণে চিন্ময়ী ব্যাপক বিতর্কের মুখে পড়েন এবং সেই সময় তাঁকে ডাবিং অ্যাসোসিয়েশন থেকে নিষিদ্ধও করা হয়েছিল।



