সামর্থ্যের মধ্যে মানুষের প্রয়োজন মেটাতে ফারজানার উদ্যোগ

বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনার কাজের পাশাপাশি সমাজের জন্য কিছু করার ইচ্ছা থেকেই উদ্যোক্তা হওয়ার পথ খুঁজে পান আফতাবনগরের ফারজানা আফরিন। শুরুতে মেলায় ঘরে তৈরি খাবারের দোকান দিলেও পরে দেশীয় পোশাক ও হস্তশিল্পের প্রতি আগ্রহ তাঁকে নতুন ভাবনায় আনে। মেলায় অংশ নিতে নিতে মানুষের পছন্দ–অপছন্দ বুঝতে শিখেন তিনি। সেখান থেকেই জন্ম নেয় নিজের শোরুম করার সিদ্ধান্ত।
এভাবে প্রতিষ্ঠিত হয় তাঁর অফলাইন শোরুম ‘ফারজানা বুটিকস’। অনলাইনে নয়—মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই তাঁর কাজের মূল ভরসা। ফারজানা মনে করেন, উদ্যোক্তাকে মানুষের প্রয়োজন বুঝে সাশ্রয়ী দামে পণ্য দিতে হয়। তাই শোরুমে রাখা হয়েছে ১০০ টাকার হিজাব থেকে ৫ হাজার টাকার পোশাক—সব শ্রেণির ক্রেতার জন্য পণ্য।
দেশীয় পণ্যে বিশ্বাসী ফারজানা বলেন, স্থানীয় পণ্য ব্যবহার করলে দেশের শ্রমিক ও শিল্প দুটোই লাভবান হয়। উদ্যোক্তা মেলায় অংশ নেওয়া তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেখান থেকেই তিনি বুঝেছেন—ব্যবসা শুধু লাভ নয়; মানুষের সামর্থ্য, প্রয়োজন ও সম্মানকে গুরুত্ব দেওয়া। তাঁর ইচ্ছা, নারী উদ্যোক্তারা যেন মানুষের কাছে পৌঁছাতে পারেন এবং সবাই নিজের সামর্থ্যের মধ্যে পছন্দের জিনিস কেনার সুযোগ পান।



