২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
নারী

নারীদের জাতীয় লিগে চ্যাম্পিয়ন বরিশাল

Untitled-6

পুরুষদের জাতীয় ক্রিকেট লিগে কখনো শিরোপা জেতেনি বরিশাল। তবে সেই আক্ষেপ দূর হলো নারীদের জাতীয় ক্রিকেট লিগে। টি–টোয়েন্টি সংস্করণের এবারের আসরে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগ।

৭ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা নিশ্চিত করে তারা। আজ বিকেএসপির তিন নম্বর মাঠে রংপুর বিভাগকে ১৩ রানে হারানোয় নিশ্চিত হয় বরিশালের এই সাফল্য। সমান ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া খুলনা হয়েছে রানার্স–আপ, আর তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম।

৮ দলের টুর্নামেন্টে রংপুর ৪ জয়ে চতুর্থ, তিনটি করে জয়ে রাজশাহী পঞ্চম ও সিলেট ষষ্ঠ হয়েছে। ময়মনসিংহ দুই জয়ে সপ্তম স্থানে এবং এক ম্যাচেও জয় না পাওয়া ঢাকা বিভাগ শেষ স্থানে রয়েছে।

ব্যক্তিগত পুরস্কারের তালিকায়ও আলো ছড়িয়েছেন বরিশালের খেলোয়াড়েরা। অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন লেগ স্পিনার রাবেয়া খান—৭ ম্যাচে ৯ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন ১৭৯ রান (স্ট্রাইক রেট ১১৮.৫৪)।

যৌথভাবে সর্বোচ্চ উইকেটদাতা হয়েছেন বরিশালের সুলতানা খাতুন ও চট্টগ্রামের ফাতেমা জাহান—দুজনেরই উইকেট ১৪। তাঁদের ঠিক পিছনে আছেন ময়মনসিংহের স্বর্ণা আক্তার (১৩ উইকেট)।

ব্যাট হাতে সেরা পারফরমার সিলেটের শামীমা সুলতানা। তিনি ৭ ইনিংসে ৯৬.৪৯ স্ট্রাইক রেটে করেছেন সর্বোচ্চ ২৭৫ রান। দ্বিতীয় স্থানে বরিশালের ফারজানা হক (২৫৪ রান) এবং তৃতীয় স্থানে রংপুরের জুরাইয়া ফেরদৌস (১৮৯ রান)। জুরাইয়া জিতেছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও।

Advertisements
Advertisements