সাড়ে তিন মাস পর সুস্থ হয়ে বাড়ি ফিরল মাইলস্টোন দু/র্ঘটনার যমজ দুই শিশু

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাড়ে তিন মাসের দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত যমজ দুই শিশু—সারিনাহ জাহান সায়রা ও সাইবাহ জাহান সায়মা (১০)।
বুধবার সকালে ইনস্টিটিউটের পরিচালক কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে চিকিৎসক, নার্স ও কর্মীরা ফুল দিয়ে তাদের বিদায় জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আহত মোট ৫৭ জন আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ২০ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একজনকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে ট্রমা ম্যানেজমেন্টের জন্য, আর তিনজন এখনো ভর্তি আছেন—তবে তারা সবাই আশঙ্কামুক্ত।”
দগ্ধদের মধ্যে যমজ সায়রার শরীরের ৩০ শতাংশ ও সায়মার ১৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘ চিকিৎসা, নিবিড় পরিচর্যা এবং সার্জারি শেষে তারা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
অধ্যাপক নাসির উদ্দিন আরও বলেন, “আমাদের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা পাওয়া গেছে। যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং ফলোআপ চিকিৎসা দিচ্ছি।”
তিনি সিঙ্গাপুর, ভারত, চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
যমজ দুই শিশুর বাবা-মা ইয়াসিন মজুমদার ও আকলিমা আক্তার হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিক সেবা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর আশুলিয়ায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ১২৪ জন আহত হন। তদন্তে দুর্ঘটনার কারণ হিসেবে পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি চিহ্নিত করা হয়েছে।



