২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
নারী

১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক

SM184570

প্রযুক্তি কোম্পানিগুলোর প্রভাব নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিচ্ছে ডেনমার্ক সরকার। দেশটি ঘোষণা করেছে—১৫ বছরের নিচে কোনো ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না।

শুক্রবার ডেনমার্ক সরকারের এই সিদ্ধান্তের খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। তবে নিষেধাজ্ঞাটি সঙ্গে সঙ্গে কার্যকর হচ্ছে না। কীভাবে এটি বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

জানা গেছে, ব্যবহারকারীর বয়স যাচাইয়ের জন্য ডেনমার্ক সরকার একটি বিশেষ অ্যাপ চালু করার পরিকল্পনা করছে। ওই অ্যাপের মাধ্যমে বয়স নিশ্চিত করা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশাধিকার দেওয়া হবে। বিশেষ পরিস্থিতিতে ১৩ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি ও মূল্যায়ন প্রক্রিয়ার পর সীমিত ব্যবহার করার সুযোগ রাখা হবে।

কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ডিসেম্বর থেকে দেশটিতে আইনটি কার্যকর হবে।

অস্ট্রেলিয়ার ওই আইনে বলা হয়েছে—টিকটক, স্ন্যাপচ্যাট, রেডিটসহ যেসব প্ল্যাটফর্ম নিয়ম ভঙ্গ করবে, তাদের সর্বোচ্চ ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৩ মিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে এখনো জাতীয় পর্যায়ে এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর হয়নি। তবে কয়েকটি অঙ্গরাজ্য নিজেদের আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। কোথাও কোথাও ১৮ বছরের নিচে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চাইলে অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

Advertisements
Advertisements