বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
নারী

সৈকত পরিষ্কার করার রোবট বানিয়ে নুবালার স্বর্ণজয়

Untitled-3

রোবটিক্সের ছোট্ট যাদুকর নামিয়া রওজাত নুবালা এবার আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছে। সমুদ্রের সৈকত পরিষ্কার রাখতে রোবট তৈরি করে নুবালা দেখিয়েছে, বয়স কখনো দক্ষতার বাধা হতে পারে না।

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ২৬তম আসরে নুবালা তৈরি করেছে রোবটগুলো যা ময়লা সংগ্রহ করে, অতিরিক্ত বালি সরায়, কেমিক্যাল দিয়ে সৈকত পরিষ্কার করে। এগুলো কাগজ, প্লাস্টিক ও কাচ আলাদা করে নির্দিষ্ট বিনে রাখে এবং সেগুলো রিসাইকেল করে মোল্ডে রূপান্তর করতে পারে।

নুবালার ভিডিও ও রোবটের দক্ষতা বিচারকদের মুগ্ধ করেছে। তার ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরিতে সিনিয়র গ্রুপের স্বর্ণপদক জিতেছে। ফিজিক্যাল কম্পিউটিং বিভাগে বড়দের দলের সঙ্গে অংশ নিয়ে ব্রোঞ্জও অর্জন করেছে সে।

বাধা পেরিয়ে সাফল্য

Advertisements

নুবালার কাজ সব সময় সহজ ছিল না। ভিডিও এডিটিং সফটওয়্যার হঠাৎ কাজ বন্ধ করে দিয়েছে। বিকল্প সফটওয়্যারও কাজে আসেনি। শেষ পর্যন্ত মোবাইল অ্যাপ ব্যবহার করে সমস্যার সমাধান করেছে সে।

নিজের অনুভূতি প্রকাশ করে নুবালা বলেছে, “প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি। মুহূর্তেই আমার মধ্যে গর্ব, উত্তেজনা ও কৃতজ্ঞতার অনুভূতি ঢেউয়ের মতো প্রবাহিত হলো। তখন খুব ভালো লেগেছিল।”

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল

নুবালার সাফল্য নতুন নয়। ২০১৯ সালে চীনে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক আলোহা’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়। ২০২৩ সালে থাইল্যান্ডে ওয়ার্ল্ড স্কলারস কাপ গ্লোবাল রাউন্ডে অংশ নিয়ে পাঁচটি স্বর্ণপদক জিতেছে। একই বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত টুর্নামেন্ট অব চ্যাম্পিয়নস-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক অর্জন করেছে।

লক্ষ্য এমআইটি

নুবালা ভবিষ্যতে এমআইটি-তে পড়তে চায়। রোবোটিক্স নিয়ে কাজ চালিয়ে যেতে চায় এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন নিজেকে প্রস্তুত করছে।

Advertisements