২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
নারী

বিশ্বসাহিত্য কেন্দ্রে আজ সায়ানের একক সংগীত সন্ধ্যা

resize

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান–এর একক সংগীতানুষ্ঠান। ‘আমি সুন্দর হবো’ শিরোনামের এ আয়োজনটি করছে ‘বিটুইন দ্য লাইন’, যার উদ্যোক্তা ব্যান্ড ‘শহরতলী’র সদস্য জিল্লুর রহমান সোহাগ। দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান চলবে রাত ৯টা পর্যন্ত।

গান নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে সায়ান বলেন, “যে পৃথিবীতে আমরা বাস করি, সেখানে সৌন্দর্য কেবল চোখে দেখা নয়—মনের ভেতরও সৌন্দর্য সৃষ্টি হয়। গান সেই সৌন্দর্যের ভাষা। এই কনসার্ট আমার কাছে শুধু শিল্পের আয়োজন নয়, বরং ভালোবাসা ও মানবিকতার প্রকাশ। ‘আমি সুন্দর হবো’ মানে প্রত্যেকের ভেতরের অসুন্দরকে সুন্দরে রূপান্তরের চেষ্টা।”

আয়োজক জিল্লুর রহমান সোহাগ বলেন, “বিটুইন দ্য লাইন’-এর এটি আমাদের প্রথম অনুষ্ঠান। আমরা চাই শ্রোতারা গান শুধু শুনবে না, বরং অনুভব করবে। ‘আমি সুন্দর হবো একটু একটু করে, অসুন্দরকে সুন্দরে পাল্টাবো’—এই ভাবনাই আমাদের মূল প্রেরণা। আশা করছি, আয়োজনটি শ্রোতাদের মনে ইতিবাচকতা ছড়াবে।”

অনুষ্ঠানে প্রবেশের জন্য থাকছে দুই ধরণের টিকিট—একটি ১০০০ টাকা এবং অন্যটি ৮০০ টাকার।

প্রতিবাদী ও সচেতনতামূলক গানের জন্য ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন ফারজানা ওয়াহিদ সায়ান। তাঁর কণ্ঠে গাওয়া ‘আমিই বাংলাদেশ’, ‘তার চেয়ে মেনে নাও’, ‘হঠাৎ করেই চোখ পড়েছে’সহ বেশ কিছু গান শ্রোতাদের মন জয় করেছে। সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতে তাঁর অবস্থান তাঁকে নতুন প্রজন্মের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

অন্যদিকে, আয়োজক সোহাগ দীর্ঘদিন ধরে ব্যান্ড ‘শহরতলী’-র সঙ্গে নিয়মিত পারফর্ম করছেন। পাশাপাশি লিখছেন, সুরও করছেন। তাঁদের বিশ্বাস, আজকের এই সন্ধ্যা হয়ে থাকবে স্মরণীয় এক সুরের রাত—যেখানে গান ছুঁয়ে যাবে শ্রোতার হৃদয়।

Advertisements
Advertisements