বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
নারী

সংসদ নির্বাচনে অর্ধেক আসনে নারী প্রার্থী চান নারী উদ্যোক্তারা

Untitled-1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের অন্তত অর্ধেক, অর্থাৎ ১৫০টি আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন নারী উদ্যোক্তারা। বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানায় উইমেন এন্ট্রাপ্রেনিউর অব বাংলাদেশের (ডব্লিউইএবি) ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

বৈঠক শেষে ডব্লিউইএবির প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের বলেন, “আমরা চাই সংসদে নারীর উপস্থিতি আরও বৃদ্ধি পাক। অন্তত ১৫০টি আসনে যেন নারীদের প্রার্থী করা হয়। নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা সরকারকেও অনুরোধ করছি নারীরা নির্বাচনে অংশ নিতে গেলে তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হোক। অনেক উন্নত দেশে নারী প্রার্থীরা যে ধরনের সুবিধা পান, সেরকম সহায়তা আমাদের দেশেও থাকা উচিত। নারীরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন, এ বিষয়েও আমরা কথা বলেছি।”

নাসরিন ফাতেমা আউয়াল আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো অন্তত ৫০ শতাংশ আসনে নারীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিশ্চিত করা। এতে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাস্তবিকভাবে বৃদ্ধি পাবে।”

Advertisements

নির্বাচনী তহবিলের সীমাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “নারীদের জন্য নির্বাচনী ফান্ড জোগাড় করা বেশ কষ্টকর। পরিবার থেকেও সহজে আর্থিক সহায়তা পাওয়া যায় না, যেখানে পুরুষরা অনেক বেশি সুযোগ পান। যদি সরকার নারীদের জন্য কিছু অর্থনৈতিক সহায়তার ব্যবস্থা করে, তাহলে অনেক যোগ্য নারী নির্বাচনে আসতে পারবেন।”

দলীয় মনোনয়ন নিয়েও কথা বলেন তিনি। তাঁর মতে, “কখনও দেখা যায়, রাজনৈতিক দলগুলো ৫ থেকে ৭ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেয়। এভাবে নয়, নির্দিষ্ট একটি শতাংশ নির্ধারণ করে দেওয়া হলে নারী প্রতিনিধিত্ব আরও ভারসাম্যপূর্ণ হবে।”

Advertisements