বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিনোদন

সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে উপন্যাস ‘মায়ার সিংহাসন’

WhatsApp Image 2025-11-02 at 17.09.54_edbdcf69

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে কেন্দ্র করে এক অনন্য উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদির। ‘মায়ার সিংহাসন’ নামের এই বইটি চন্দ্রবিন্দু প্রকাশন থেকে আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে।

রুনা লায়লার সংগীতজীবনের আবির্ভাব, সংগ্রাম, সাফল্য এবং সময়ের সঙ্গে তার শিল্পীসত্তার বিবর্তন ফুটে উঠেছে ‘মায়ার সিংহাসন’ উপন্যাসে। এটি শুধু একটি জীবনীভিত্তিক উপন্যাস নয় বরং সুরের ভেতর দিয়ে মানুষের মনের ভ্রমণ- এমনটাই জানিয়েছেন লেখক।

উপন্যাসে রুনা লায়লার গানে লুকিয়ে থাকা প্রেম, একাকিত্ব, সময়ের আবেশ ও অনুভূতির বর্ণনা উঠে এসেছে গভীর শিল্পিত ভাষায়। লেখকের কলমে, শব্দ যেন সুরে রূপ নেয়, আর সুরের ভেতর থেকে জন্ম নেয় গল্প।

আবদুল্লাহ আল মুক্তাদির বলেন, ‘যখনই রুনা লায়লার কণ্ঠে গান শুনি মনে হয় আমি অন্য এক সময়ে পৌঁছে গেছি, যেখানে মানুষ ছিল কম, সুর ছিল বেশি। ‘মায়ার সিংহাসন’ আসলে সেই সুরভ্রমণের গল্প।’

প্রকাশনা সংস্থা চন্দ্রবিন্দু জানায়, বাংলা সাহিত্যে এক নতুন ধারা যুক্ত করবে ‘মায়ার সিংহাসন’। এটি গীতি-উপন্যাস হিসেবে পাঠকদের সামনে হাজির হবে। রুনা লায়লার শিল্পজীবনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকে নির্মিত এই উপন্যাস হবে এক সুরময় শ্রদ্ধাঞ্জলি, যা পাঠকদের নিয়ে যাবে মায়া ও সংগীতের জগতে।