বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

‘এইচইআর-২ পজিটিভ’ ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় নতুন যুগের সূচনা

WhatsApp Image 2025-10-25 at 15.20.01_7be40ce2

বাংলাদেশের নারী চিকিৎসকরা আধুনিক চিকিৎসা কৌশল, গবেষণা ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর তাঁদের নেতৃত্বেই স্তন ক্যান্সারের চিকিৎসায় এখন নতুন যুগের সূচনা হচ্ছে—বিশেষ করে ‘এইচইআর-২ পজিটিভ’ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। নারী চিকিৎসকদের নেতৃত্বে ক্যান্সার চিকিৎসা শুধু প্রযুক্তিনির্ভর ক্ষেত্র নয়, বরং হয়ে উঠছে মানবিক ও দলভিত্তিক এক সেবামূলক আন্দোলন।

গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাপী অক্টোবর মাস ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস’ উপলক্ষে নারী অনকোলজিস্টদের জন্য আয়োজিত বিশেষ কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে। এ আয়োজনে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠান থেকে আসা ৫০ জনেরও বেশি নারী অনকোলজিস্ট অংশ নেন।

‘এইচইআর-২ পজিটিভ’ ব্রেস্ট ক্যান্সারের আধুনিক চিকিৎসা কৌশল, ডায়াগনস্টিক আপডেট, সার্জিকাল অ্যাপ্রোচ এবং রেডিওথেরাপির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. পারভীন শাহিদা আখতার। বিশেষ অতিথি ছিলেন ডা. পারভিন আখতার বানু এবং অধ্যাপক ডা. নাজরিনা খাতুন।

অধ্যাপক ডা. পারভীন শাহিদা বলেন, ‘এইচইআর-২ পজিটিভ’ ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা আজ অনেক উন্নত পর্যায়ে পৌঁছেছে। কিন্তু সঠিক ডায়াগনসিস ও মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী চিকিৎসকরা যেভাবে গবেষণা, চিকিৎসা ও মানবিক সেবার ক্ষেত্রে অবদান রাখছেন, তা আমাদের সমাজে বড় অনুপ্রেরণা সৃষ্টি করছে। তৃতীয়বারের মতো ধারাবাহিকভাবে এই কর্মশালা অনুষ্ঠিত হওয়ায় আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

প্রফেসর ডা. নাজরিনা খাতুন বলেন, ‘এইচইআর-২ পজিটিভ’ ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সময়োপযোগী চিকিৎসা কৌশল প্রয়োগের মাধ্যমে আমরা অনেক রোগীকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারি। আর এই যাত্রায় নারী চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা সত্যিই গর্বের।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. পারভিন আখতার বলেন, ‘বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার উন্নয়নে নারী চিকিৎসকদের অবদান এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃত। এই ধরনের কর্মশালা জ্ঞান বিনিময়ের পাশাপাশি চিকিৎসকদের মধ্যে সহযোগিতা ও আত্মবিশ্বাস আরও দৃঢ় করে।

কর্মশালায় বক্তব্য দেন ডা. বিদৌরা তানিম, ডা. উম্মে সালমা শবনম, প্রফেসর ডা. সামিয়া মুবিন, ডা. শাহিদা আলম, ডা. নাজমা আজিম ডেইজি, ডা. ফারিয়া শারমিন, ডা. রাহনুমা পারভিনসহ আরও অনেকে। কর্মশালায় বক্তারা ব্রেস্ট ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অভিজ্ঞতা বিনিময় পর্বে অংশগ্রহণ করেন আরও অনেক নারী চিকিৎসকরা। অভিজ্ঞতা শেয়ার করে ডা. ফেরদৌস আরা বেগম বলেন, ‘ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় নারী অনকোলজিস্টদের অবদান ও তাদের পেশাগত সংগ্রাম অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. নারিতা খুরশিদ। অনুষ্ঠান শেষে নারী চিকিৎসকদের জন্য এই বিশেষ আয়োজনের জন্য রোশ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অংশগ্রহণকারী নারী অনকোলজিস্টগণ।